২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় বন্দরনগরী থেকে ৩২ লাশ উদ্ধার

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ভেরাক্রুজের বিভিন্ন স্থান থেকে অন্ততপক্ষে ৩২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেক্সিকোর পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ভেরাক্রুজের বিভিন্ন স্থান থেকে অন্ততপক্ষে ৩২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে বিবিসি শুক্রবার এ খবর জানায়। মাত্র দুই সপ্তাহ আগেই শহরটির বাইরে ব্যস্ত সড়কের পাশে ৩৫ জন মানুষের লাশ পাওয়া যায়। ওই এদের হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে 'জেটা কিলারস' নামে একটি গোষ্ঠী। এরপর উপকূলীয় এই শহরটির বিভিন্ন স্থান থেকে আবারও ৩২ জনের লাশ উদ্ধার করা হলো। দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে আরো অধিকসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। মেক্সিকোর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মাদক চোরাচালানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর থেকে দেশটিতে প্রায়ই মাদক সম্পর্কিত সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনার খবর শোনা যায়। ২০০৬ সালে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ শুধু মাদক সম্পর্কিত ঘটনার জেরেই নিহত হয়েছে। দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভেরাক্রুজের পৃথক তিনটি বাড়ি থেকে ৩২ জনের লাশ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২০ জনকেই একটি বাড়িতে পাওয়া যায় বলে বিবৃতিতে বলা হয়। চলতি সপ্তাহের শুরুর দিকে 'জেটা কিলারস' গোষ্ঠীর সাথে সম্পৃক্ততার অভিযোগে ১৮ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫১৮ ঘ.