জবসের অ্যাপলের ভবিষ্যত কী?
অ্যাপলের স্বপ্নদ্রষ্টা স্টিভ জবসের চলে যাওয়া আইপড, আইফোন ও আইপ্যাড নির্মাতাদের ওপর গভীর প্রভাব রাখতে পারে। প্রতিদ্বন্দ্বীরা অ্যাপলের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে বাড়তি সুবিধা পাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাপলের স্বপ্নদ্রষ্টা স্টিভ জবসের চলে যাওয়া আইপড, আইফোন ও আইপ্যাড নির্মাতাদের ওপর গভীর প্রভাব রাখতে পারে। প্রতিদ্বন্দ্বীরা অ্যাপলের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে বাড়তি সুবিধা পাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিবিসি, রয়টার্স
জবসের সৃজনশীলতা অ্যাপলের সমৃদ্ধির সঙ্গে এতটাই জড়িয়ে ছিল যে, তার মৃত্যুতে প্রশ্ন উঠেছে, দ্রুততার সঙ্গে অন্যন্য সব প্রযুক্তি পণ্য বাজারে আনতে পারার সামর্থ্য প্রতিষ্ঠানটি ধরে রাখতে পারবে কিনা।
তাই যখন হাইটেক শিল্প স্পিভেন পি জবসের মৃত্যুতে শোক প্রকাশ করছে, তখন অ্যাপলের কর্মকর্তারা তাদের পণ্যের অগ্রযাত্রা ধরে রাখা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
সা¤প্রতিকতম পণ্য আইফোন ফোরএস প্রদর্শন করার কয়েক ঘন্টা বাদে মারা গেলেন অ্যাপলের প্রবাদপুরুষ স্টিভ জবস। প্রধান নির্বাহীর পদ থেকে জবসের সরে দাঁড়ানোর পর এটাই অ্যাপলের প্রথম কোনো পণ্যের মোড়ক উন্মোচন। এর মাধ্যমে অবশ্য দেখে নেয়া গেছে নতুন প্রধান টিম কুকের কাছে কতটুকু আশা করবেন অ্যাপল ভক্তরা।
অ্যাপলের ভক্তরা অপেক্ষা করছিল নতুন আইফোন ফাইভের। ব্যাপক প্রত্যাশা ছিল টেক জায়ান্টরা আরেকটি প্রযুক্তিগত উৎকর্ষ দেখাবে। এর বদলে তারা পেল আগের সংস্করণের কাছাকাছি আরেকটা আইফোন। আইফোন ফোরের বয়স এরই মধ্যে ১৫ মাস পেরিয়েছে। স্মার্টফোন প্রযুক্তির দ্রুত গতির জগতে এটা কিন্তু এক রকম বুড়িয়ে যাওয়াই।
সিসিএস ইনসাইটের বিশ্লেষক জন জ্যাকসন তাই অ্যাপল কর্তাব্যক্তিদের বিপদই দেখছেন। বলছেন, "অ্যাপলের কর্তাব্যক্তিদের জন্য বিপদ হলো, তারা এমন একটি বাজারে পুরানো পণ্য নতুন মোড়কে ছাড়লেন, যেখানে পণ্যের জীবনচক্র ক্রমেই ছোট হচ্ছে। বিপদটা হলো, সম্ভাব্য আইফোন ক্রেতারা স্যামসাং বা অন্য কোনো কোম্পানির চকচকে নতুন কোনো পণ্যের দিকে ঝুকতে পারে।"
চার্লটন মিডিয়া গ্র"পের টিম চার্লটন বলেন, "তাকে (জবস) প্রতিস্থাপনের কোনো জো নেই, তার মতো দূরদৃষ্টি আর কারও নেই।"
জবস না থাকায় অ্যাপল যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানির অবস্থান থেকে নেমে যাবেÑ বিনিয়োগকারী আর অ্যাপলের ভক্তদের ভয়টা কিন্তু তা নয়। তারা ভয় পাচ্ছে, সামনে থেকে নেতৃত্ব দেয়ার মতো গুরু ছাড়া অ্যাপলের সামনের দিকে চলার গতিটা ধীর হয়ে পড়বে।
ফ্রস্ট অ্যান্ড সুলিভানের টেলিকম বিশ্লেষক নিতিন ভাট মনে করেন, "স্বল্প মেয়াদে হয়তো অ্যাপলের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না, মধ্যম বা দীর্ঘ মেয়াদে জবসের অনুপস্থিতি অ্যাপলকে ভোগাবে।"
পদত্যাগ পত্রে জবস লিখেছিলেন, তিনি বিশ্বাস করেন অ্যাপলের উজ্জ্বলতম ও সবচেয়ে উদ্ভাবনী দিনগুলো সামনে আসছে। কিন্তু ভাটের মতো অনেক বিশ্লেষকই এতে আশ্বস্ত হতে পারছেন না।
"কোনো পণ্যের সৃষ্টি কিন্তু প্রযুক্তির দিকটা ঠিকঠাক রাখার ব্যাপার না। এটা অনুভব করা এবং বাজারে ছাড়ার সঠিক সময়টা বোঝারও ব্যাপার। জবসের মধ্যে এ বৈশিষ্ট্যটি ছিল, যা খুব কম মানুষের মধ্যেই থাকে। অ্যাপল সবচেয়ে বেশি হারাবে এই ক্ষমতাটাকে। "
সিউলের শিনহান ইনভেস্টমেন্টের বিশ্লেষক কিম ইয়ং-চান বলেন, "একজন প্রযুক্তি বিশ্লেষক হিসেবে আমি তার মৃত্যুতে ব্যথিত। এটা ছিল জবসের অ্যাপল, অ্যাপলের জবস নয়।"
বিনিয়োগকারীরা অগ্নাশয়ের ক্যান্সারের সাথে জবসের দীর্ঘ লড়াইয়ের খবর রাখতেন। এটা পরিষ্কার যে জবসের অনুপস্থিতিটা অনুভূত হবে শুধু অ্যাপলেই নয়, বিনিয়োগকারীদের মধ্যেও।
পোলারিশ গ্র"পের ডেপুটি ইনভেস্টমেন্ট কর্মকর্তা বলেন, "অ্যাপলের আর জবসের মতো সৃজনশীল আর উচ্চাভিলাষী কেউ থাকল না যার ওপর তারা ভরসা করত।"
বিশ্লেষকরা বলছেন, অ্যাপলের মতো নতুন আর চমকপ্রদ পণ্য দিতে সক্ষম এমন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছে স্যামসাং। সাউথ কোরিয়ান এ টেক জায়ান্ট এখন অ্যাপলের আইপ্যাডের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী।
স্মার্টফোন বাজারের শীর্ষ পদটা পেতে অ্যাপল আর স্যামসাংয়ের মধ্যে লড়াই চলছে। অ্যাপলের আইফোন আর আইপ্যাডের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারগুলো।
গত অগাস্টে জবস শারীরিক অসুস্থতার জন্য অপারেশনাল চিফ টিম কুকের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
জবসের উত্তরসূরি কিন্তু আইফোন ফোরএস দিয়ে ভক্ত আর বিনিয়োগকারীদের উচ্ছ্বাসটা জাগাতে পারেননি। কিছু বিশ্লেষক বলছেন, অ্যাপলের গতি কমে যাওয়ার ফায়দা নিয়ে প্রতিদ্বন্দ্বীরা তাদের পণ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জোর চেষ্টা চালাবে।
এখন অ্যাপল মনে করতে পাওে, আইপ্যাড আর আইফোনের মতো পণ্যের কাটতির কারণে বাজারে অ্যাপলের যে গতি তা এখনই বড়ধরণের কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়বে না
অ্যাপল কি বাজারে নেতৃত্ব ধরে রাখতে পারবে কিনা তার একটা বড় পরীক্ষা হয়ে যাবে টিম কুকের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৯৪০ ঘ.
