২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরে দাঁড়ালেন পেলিন

যুক্তরাষ্ট্রের আসন্ন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সারাহ পেলিন। এক বিবৃতিতে আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর নির্বাচনী দৌড় থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের আসন্ন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন সারাহ পেলিন। এক বিবৃতিতে আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর নির্বাচনী দৌড় থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রিপাবলিকান দলীয় ৪৭ বছর বয়সী এই রাজনীতিক তার বিবৃতিতে বলেন, তিনি এবং তার স্বামী টড ঈশ্বর, পরিবার এবং দেশের প্রতি নিবেদিত। পেলিনের এই ঘোষণার ফলে আগামী নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে যে জল্পনা-কল্পনা চলছিল তার অবসান হলো বলে বিবিসি জানায়। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রোমনি এবং টেক্সাসের গভর্নর রিক পেরি রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে যিনি দলীয় মনোনয়ন পাবেন তিনিই ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার মূল প্রতিদ্বন্দ্বী হবেন। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ওই বিবৃতিতে পেলিন আরো বলেন, "এই সিদ্ধান্ত গ্রহণ করতে আমাকে দীর্ঘ প্রার্থনায় সময় অতিবাহিত করতে হয়েছে, জটিল পরিস্থিতি পার করতে হয়েছে। এরপর আমি সিদ্ধান্ত নেই যে, প্রেসিডেন্ট ওবামার প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি জিওপি'র (রিপাবলিকান পার্টির সংক্ষিপ্ত নাম) মনোনয়ন চাইবো না।" যদিও পেলিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেন নি। কিন্তু তার এই ঘোষণার ফলে তৃতীয় কোনো দল থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনারও সমাপ্তি হলো। উল্টো আগামী সপ্তাহ থেকে তিনি ওবামার পরিবর্তে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে নানা কর্মসূচিতে সহসমন্বয়কের ভূমিকা পালন করবেন। নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিসটাই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার একদিন পরই পেলিন এই ঘোষণা দিলেন। ২০০৮ সালে রিপাবলিকান প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস- প্রেসিডেন্ট পদে লড়েছিলেন পেলিন। কিন্তু ওই নির্বাচনে তিনি পরাজিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৮ ঘ.