২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে কারজাই হত্যা পরিকল্পনা নস্যাৎ

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

কাবুল, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা কর্মকর্তারা জানান, হত্যা পরিকল্পনায় জড়িত সন্দেহে কারজাইয়ের এক দেহরক্ষী এবং আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাক্কানি নেটওয়ার্ক এবং আল কায়েদার সঙ্গে এদের সংশ্রব আছে। চক্রান্তকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমনকি ডাক্তারও আছে। তারা কাবুলেই হামলা চালানোর প্রশিক্ষণ নিয়েছে এবং কারজাইকে হত্যা করার জন্য তার এক দেহরক্ষীকে দলে ভিড়িয়েছে। 'ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি' (এনডিএস)র মুখপাত্র লুৎফুল্লাহ মাশাল এক সংবাদ সম্মেলনে বলেন, "ছাত্র-শিক্ষকদের বিপজ্জনক একটি শিক্ষিত দল প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ে হত্যা করতে চেয়েছিলো। দুর্ভাগ্যক্রমে তারা প্রেসিডেন্টের রক্ষাব্যুহতে ঢুকে পড়ে তার এক দেহরক্ষীকেও হাত করে।" মাশাল বলেন, আল কায়েদা এবং হাক্কানি নেটওয়ার্কের তিন সদস্যের সঙ্গে আটকরা জড়িত। এ তিনজনের একজন মিশরীয় এবং একজন বাংলাদেশী। আটকরা হামলা চালানোর জন্য প্রশিক্ষণসহ ১ লাখ ৫০ হাজার ডলার তহবিল পাওয়ার কথা স্বীকার করার পাশাপশি রাজধানীর বাইরে কারজাইয়ের কোনো এক সফরে তাকে হত্যার পরিকল্পনা করার কথাও স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১২৬ঘ.