ইসলামাবাদ, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রভাবশালী মিত্রদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে উত্তেজনার পাশাপাশি প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে আরেক চিরবৈরী প্রতিবেশী ভারতের চুক্তিতে পাকিস্তান আরো কোণঠাসা হয়ে পড়ছে বলেই আভাস পাওয়া যাচ্ছে।
আফগানিস্তানে যেকোনো শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়। অন্যদিকে, ভারত সক্রিয় পদক্ষেপ নিয়েও ধীরে চলো নীতিতে ত্রাণ ও বিনিয়োগের মধ্য দিয়ে আফগানিস্তানে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে।
কিন্তু আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম পাকিস্তান জঙ্গিদের সঙ্গে জড়িত থাকার সন্দেহের কারণে ওয়াশিংটন এবং কাবুল সরকারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পশ্চিমা এবং আফগান বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার সন্দেহ করছে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান।
এ পরিস্থিতিতে মঙ্গলবার দুইদিনের সফরে ভারতে গিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে 'কৌশলগত অংশীদারিত্ব' চুক্তি করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।
ঐতিহাসিক এ চুক্তির আওতায় ভারতের কাছ থেকে বেশ কিছু সহযোগিতা পাবে আফগানিস্তান। ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সুসজ্জিত ও সুদক্ষ হয়ে উঠবে আফগান সেনা ও নিরাপত্তা বাহিনী।
দু'দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতাও সাংবিধানিক রূপ পেয়েছে এ চুক্তির মধ্য দিয়ে।
ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে চলে গেলে যে ভারত তাদের পাশে থাকবে এ চুক্তি তারও এক অনন্য দলিল।
আফগান-ভারত সম্পর্কে এই দৃঢ় বন্ধনের আভাসে পাকিস্তানের উদ্বিগ্ন হওয়াটা মোটেই অস্বাভাবিক নয়। আফগানিস্তানে ভারতের গুরুত্ব বেড়ে যাওয়া মানেই পাকিস্তানের জন্য প্রতিযোগিতা বেড়ে যাওয়া।
ভারত-আফগান চুক্তি সম্পর্কে পাকিস্তানি রাজনীতি বিশেষজ্ঞ হাসান আসকারি রিজভির প্রতিক্রিয়া, "সন্দেহ বাড়বে। কিন্তু এটি নেতিবাচক বৈকি।"
তবে তিনি বলেন, "পাকিস্তানের ক্ষেত্রে অতি নগণ্য ব্যাপারেও ভারতের অনেক বদ্ধমূল ধারণা আছে। এটা দুর্ভাগ্যজনক।"
আফগানিস্তানে জঙ্গিদলগুলোর সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সম্পর্ক নিয়ে ভারত সবসময়ই উদ্বিগ্ন। তারা চায় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যেনো সেখানে গৃহযুদ্ধ বেধে না যায় এবং জঙ্গি তৎপরতা সীমান্তজুড়ে ছড়িয়ে না পড়ে। একইসঙ্গে আফগানিস্তানে স্বার্থ রক্ষায় পাকিস্তান কি পদক্ষেপ নিচ্ছে সেদিকেও ভারত নজর রেখেছে।
ওদিকে, পাকিস্তানও পরিস্থিতি অনূকূলে রাখতে জঙ্গি দলগুলোর সঙ্গে তাদের কোনো সংশ্রব থাকার কথা অস্বীকার কওে আসছে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষকে সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ বলেও জানিয়েছে তারা।
তাছাড়া, আফগানিস্তানে ভারতের প্রভাব কমাতে মরিয়া হয়ে নয়াদিল্লির সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে পাকিস্তান।
তবে তা করতে গিয়েই পাকিস্তান হাক্কানি নেটওয়ার্কের দিকে ঝুঁকছে বলে বিশ্লেষকদের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৪ঘ.
bdnews24