ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের ইস্ট রিভারে ব্যক্তি মালিকানাধীন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক নারী নিহত ও দু'জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তিমালিকানাধীন বেল ২০৬ মডেলের হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ম্যানহাটনের ৩৪ স্ট্রিটের কাছে নদীতে পড়ে যায়।
হেলিকপ্টারটিতে একজন পাইলট এবং ব্রিটিশ এক দম্পতি, তাদের এক মেয়ে ও মেয়ের অস্ট্রেলিয়ান এক বন্ধু ছিলো।
পুলিশ জানায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে যাওয়ায় ওই দম্পতির মেয়ে তাতে আটকা পড়ে। পরে উদ্ধারকর্মীরা এসে ঘণ্টাখানেক পর তাকে উদ্ধার করে মৃত ঘোষণা করে।
হেলিকপ্টারে থাকা অপর নারী হৃদরোগে আক্রান্ত হন। অপর এক পুরুষ যাত্রীও আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেলিকপ্টারের পাইলট পল ডুডলি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তার স্ত্রী সুনহে ডুডলি জানান, হেলিকপ্টারের যাত্রীরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলো।
উদ্ধার তৎপরতায় কমপক্ষে সাতটি নৌকা যোগ দেয়।
নিউ ইয়র্ক সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, দুর্ঘটনার সময় হেলিকপ্টারের ওপরের অংশ নিচের দিকে ছিল বলে মনে করা হচ্ছে।
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারেন নি তিনি।
ঘটনা তদন্তে পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের এক মুখপাত্র জানান।
মার্কিন উপকূল রক্ষী বাহিনী জানায়, ইস্ট রিভারে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৫ ঘ.
bdnews24