সির্ত, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় গাদ্দাফির জন্ম শহর সির্তের দখল নিয়ে গাদ্দাফি অনুগত বাহিনী ও ক্ষমতাসীন অন্তর্র্বতী পরিষদের (এনটিসি) বাহিনীর মধ্যে প্রচন্ড লড়াই চলছে। ফলে গাদ্দাফি অনুগতদের দখলে থাকা এ শহরের অধিবাসীরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে এমন আশঙ্কা ক্রমেই বাড়ছে।
সোমবার তীব্র লড়াইয়ের পর এনটিসির সেনারা শহরের একটি অংশ দখল করে নিয়েছে।
দুই সপ্তাহ ধরে সির্তের পূর্বাংশে অবস্থান নিয়ে এনটিসির সেনারা শহরটিতে প্রচন্ড গোলাবর্ষণ করছে। তারা কয়েক কিলোমিটার অগ্রসর হয়ে শহরের দক্ষিণাংশের বৌহাদি এলাকাটি দখল করে নিয়েছে।
রেডক্রসের একটি বহর সোমবার অক্সিজেনসহ জরুরি কিছু চিকিৎসা সামগ্রী সির্তের ইবনে সিনা হাসপাতালে পাঠিয়েছে। এর আগে রেডক্রসের চিকিৎসা সামগ্রী পাঠানোর চেষ্টা তীব্র যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হয়।
রেডক্রসের প্রতিনিধি হিশেম খাদরাউয়ি জানান, তীব্র যুদ্ধ চলতে থাকায় শহরের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
"এ রকম পরিস্থিতিতে আমাদের তৎপরতা সীমিত রাখতে বাধ্য হচ্ছি। যুদ্ধরত পক্ষগুলোর অনুমতি পাওয়ার পরই কেবল আমরা অতি প্রয়োজনীয় মানবিক ত্রাণ নিয়ে শহরে ঢুকতে পারছি," বলেন তিনি।
ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে তারা সির্ত শহরে আটকে পড়া বেসামরিক নাগরিকদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। যুদ্ধের কারণে অবরুদ্ধ অবস্থায় শহরবাসীর প্রয়োজনীয় খাবার, পানি, জ্বালানী ও চিকিৎসা সামগ্রীর অভাব দেখা দিয়েছে।
সির্তের ইবনে সিনা হাসপাতাল থেকে পালিয়ে আসা চিকিৎসাকর্মীরা জানিয়েছে, প্রয়োজনীয় অক্সিজেন ও বিদ্যুতের অভাবে হাসপাতালের অস্ত্রোপচারের টেবিলে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।
সির্তের আশপাশে আহত বেসামরিক লোকদের চিকিৎসারত অনেক চিকিৎসাকর্মী অভিযোগ করেছে, ইবনে সিনা হাসপাতালে শুধু গাদ্দাফি অনুগতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনটিসির এক সামরিক মুখপাত্র আহমেদ বানি অভিযোগ করেছেন, গাদ্দাফি পুত্র মুস্তাসিম ইবনে সিনা হাসপাতালে লুকিয়ে আছে।
অভিযোগে তিনি দাবি করেছেন, আঘাত থেকে বাঁচতেই মুস্তাসিম হাসপাতালে লুকিয়ে থেকে যুদ্ধ পরিচালনা করছে।
সোমবার সূর্যাস্তের আগ পর্যন্ত এনটিসির সেনারা সির্ত লক্ষ্য করে ট্যাংক, কামান ও বিমান বিধ্বংসী কামানের গোলা নিক্ষেপ করে। এ সময় ন্যাটোর বিমান সির্তের ওপর দিয়ে উড়ে যায়।
এনটিসির কমান্ডাররা দাবি করেছে, সির্তের রাস্তায় গাদ্দাফি অনুগতদের সাথে তাদের লড়াই চলছে এবং তারা সির্তের কেন্দ্রস্থলের দুই কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছেন।
যুদ্ধক্ষেত্রে কর্মরত চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, যুদ্ধে এনটিসির অনেক যোদ্ধা নিহত হচ্ছে। সোমবার এনটিসির আরো ৩৯ জন সেনা গুরুতর আহত হয়েছে বলে তারা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৫০ ঘ.
bdnews24