২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সির্তে নতুন করে লড়াই, ত্রাণ তৎপরতা বন্ধ

লিবিয়ায় পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্তে দুইদিনের শান্ত অবস্থার পর নতুন করে হামলা শুরু করেছে এনটিসি বাহিনী। তুমুল লড়াইয়ের মুখে বন্ধ হয়ে গেছে ত্রাণকাজ। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

সির্ত, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্তে দুইদিনের শান্ত অবস্থার পর নতুন করে হামলা শুরু করেছে এনটিসি বাহিনী। তুমুল লড়াইয়ের মুখে বন্ধ হয়ে গেছে ত্রাণকাজ। শহরের কেন্দ্রস্থলে চলছে রকেট এবং ট্যাংকের গোলা হামলা। প্রচণ্ড গোলাগুলির মুখে শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে রেডক্রসের ত্রাণকর্মীরা। সির্তে মানবিক সংকট সামাল দিতে চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়া রেডক্রসের গাড়িবহর সোমবার প্রবল লড়াইয়ের কারণে ফিরে গেছে। রণক্ষেত্রে এনটিসি বাহিনীর সম্মুখসারির এক কমান্ডার বিবিসি'কে বলেছেন, তারা সির্তে চূড়ান্ত লড়াই শুরু করেছেন। সোমবার শ শ মানুষ সির্ত ছেড়ে পালিয়েছে। তবে অনেকেই এখনো শহরটিতে রয়ে গেছে- বিশেষ করে যারা আহত, যাদের গাড়ি, জ্বালানি নেই এবং বাড়িঘর ছেড়ে যেতে ভয় পাচ্ছে তারা। মানুষজনকে পালানোর সুযোগ করে দিতে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) বাহিনী চূড়ান্ত লড়াইয়ে নামার আগে রোববার পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রাখে। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, বেসামরিক নাগরিকরা লড়াইয়ে আটকে পড়ায় সির্তে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ঘাটতি দেখা দিয়েছে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) চিকিৎসা সরঞ্জাম ভরা দুটি ট্রাক ও দুটি গাড়ির একটি বহর সির্তে পাঠিয়েছিলো। সির্ত এর কয়েক কিলোমিটার পশ্চিম থেকে রেডক্রসের গাড়িবহর যাত্রা শুরু করে। কিন্তু কিছুদূর যাওয়ার পর শহরটি নিয়ন্ত্রণে নেয়ার জন্য এনটিসি যোদ্ধারা গুলি শুরু করলে তা পেছনে ফিরে যায়। ঘটনাস্থল থেকে এনটিসি'র কমান্ডার ইসমাইল আল সোসি রয়টার্সকে বলেন, "তারা রেডক্রসের গাড়ি বহর যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছিলেন। কিন্তু শহরে প্রবেশের সময় গাদ্দাফিপন্থি যোদ্ধারা গুলি শুরু করলে গাড়ি বহর ফেরত যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৭ঘ.