ইসলামাবাদ, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক আফগান প্রেসিডেন্ট ও শান্তি আলোচক বুরহানুদ্দিন রব্বানি হত্যাকাণ্ড নিয়ে আফগানিস্তানের অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা রব্বানি হত্যাকাণ্ডের হোতা- আফগান কর্মকর্তাদের এমন অভিযোগ নাকচ করেছে পাক পররাষ্ট্রমন্ত্রণালয়।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের গঠিত তদন্ত কমিটি রোববার জানায়, সাক্ষ্য-প্রমাণ ও রব্বানি হত্যায় জড়িত এক ব্যক্তির স্বীকারোক্তিতে হামলাকারী পাকিস্তানি ও হামলা পরিকল্পনা পাকিস্তানে হয়েছে বলে জানা গেছে।
এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে আফগান কর্মকর্তারা বিবেচনা করে দেখতে পারতেন যে, শান্তি ও পাকিস্তানের অনুকূলে কিছু করায় নিয়োজিত মানুষদেরকে দৃশ্যপট থেকে কেনো সরিয়ে দেওয়া হচ্ছে।"
এতে আরো বলা হয়, "আফগান নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো কোন জায়গা থেকে নির্দেশ পাচ্ছে তা যাচাই করে দেখা প্রয়োজন।"
২০ সেপ্টেম্বর নিজ বাড়িতে তালেবান সদস্যদের সঙ্গে বৈঠক করার সময় আত্মঘাতী হামলায় নিহত হন বুরহানুদ্দিন রব্বানি।
রব্বানি হত্যার ঘটনায় আফগানিস্তানে তালেবানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা মুখ থুবড়ে পড়েছে।
ওদিকে, আফগান সীমান্ত এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী গোলা নিক্ষেপের প্রতিবাদে রোববার রাজধানী কাবুলের রাস্তায় নামে শ' শ মানুষ। রব্বানি হত্যাকাণ্ডে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)'র জড়িত থাকার অভিযোগ করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪৭ঘ.
bdnews24