জেদ্দা (সৌদি আরব), অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার সাথে সম্পৃক্ত সন্ত্রাসী সংগঠন তৈরি ও প্রশিক্ষণ শিবির স্থাপনের অভিযোগে সৌদি আরবে ৭ ব্যক্তির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
রোববার আল-ওয়াতান সংবাদপত্রের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, এ দেশকে ধ্বংস এবং আল কায়েদার পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নে সন্ত্রাসী সংগঠনের শাখা গঠনের অভিযোগে সৌদির সন্দেহভাজন ৭ নাগরিকের বিরুদ্ধে গতকাল পঞ্চম দিনের মতো শুনানি হয়েছে।
রিয়াদের বিশেষ একটি অপরাধ আদালতে বিচারকাজ চলছে। নির্বাচিত কয়েকটি গণমাধ্যমকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
পত্রিকাটিতে বলা হয়, ২০০৩ সালে স্থানীয় এক ব্যক্তি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরের খোঁজ পাওয়ার পর কর্তৃপক্ষকে অবহিত করে। ফলে এই গোপন তৎপরতার বিষয়টি ফাঁস হয়ে যায়।
এই সংগঠটির বিরুদ্ধে উত্তর-পূর্বাঞ্চলীয় আরার শহরের এক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা প্রচেষ্টারও অভিযোগ রয়েছে।
২০০৩ সালে আল কায়েদা সৌদি আরবে হামলা চালানোর পর কর্তৃপক্ষ জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে। অধিকার গোষ্ঠীগুলো দাবি করেছে, আটক হওয়াদের সংখ্যা ১২ থেকে ৩০ হাজার। এদের মধ্যে অনেক রাজনৈতিককর্মীও রয়েছে।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় ইয়েমেন সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকায় প্রশিক্ষণ শিবিরটি স্থাপিত হয়েছিল বলে জানা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩১ ঘ.
bdnews24