২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন নি মুবারক'

মিশরে সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর কখনোই গুলি চালানোর নির্দেশ দেন নি সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক। বর্তমান ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধান ফিল্ডমার্শাল মোহাম্মদ হোসেন তানতাবি এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 05:04 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

কায়রো, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর কখনোই গুলি চালানোর নির্দেশ দেন নি সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক। বর্তমান ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধান ফিল্ডমার্শাল মোহাম্মদ হোসেন তানতাবি এ কথা বলেছেন। সপ্তাখানেক আগে মুবারকের বিরুদ্ধে চলমান মামলায় গোপনে সাক্ষ্য দেন তানতাবি। রাজধানীর দক্ষিণাঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে রোববার তানতাবি এ মন্তব্য করেন। তানতাবি প্রায় ২০ বছর হোসনি মুবারকের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, "একক কোনো ব্যক্তি নয় বরং মিশরের জন্য লড়াই করেছে সশস্ত্র বাহিনী। আমি সৃষ্টিকর্তার সামনে সাক্ষ্য দিচ্ছি, আমি সত্য বলছি।" "কেউ আমাদের জনগণের ওপর গুলি চালাতে বলেনি", বলেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর তানতাবি মুবারকের মামলায় সাক্ষ্য দিতে হাজির হওয়ার সময় গণমাধ্যমের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তার সাক্ষ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুবারকের বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। চলতি বছরের শুরুর দিকে মিশরে ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। ১৮ দিনের ওই আন্দোলনে মুবারক সরকারের পতন ঘটে। কিন্তু ওই সময়ে গুলি ও অন্যান্য সহিংসতায় প্রায় ৮৫০ জন আন্দোলনকারীর মৃত্যু হয়। আন্দোলনকারীদের হত্যার নির্দেশদাতা হিসেবে মুবারকের বিরুদ্ধে মামলা হয়। অবশ্য ওই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন মুবারক। সাবেক প্রেসিডেন্টে মুবারক ছাড়াও তার নিরাপত্তা প্রধান হাবিব আল আদলি ও শীর্ষ ৬ পুলিশ কর্মকর্তাকেও বিচারের মুখোমুখি হতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫১ ঘ.