কানো (নাইজেরিয়া), অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে অস্ত্রধারীদের হামলায় অন্ততপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
তবে নিহতের সংখ্যা ১৯ বলে বিবিসি জানিয়েছে।
রোববার দেশটির জামফারা প্রদেশের লিঙ্গিয়াদোয় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। অঞ্চলটি নাইজারের সীমান্তবর্তী।
জামফারার প্রাদেশিক পুলিশের মুখপাত্র সানুসি আমিরু বলেন, "১৮ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।"
তিনি আরো বলেন, "আমরা সর্বোচ্চ (সতর্ক) অবস্থায় রয়েছি, সন্দেহভাজনদের ধরার চেষ্টা চালাচ্ছি। সমস্যাসংকুল এলাকাগুলোতে লোকবল বাড়িয়েছি।"
তবে কারা এবং কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে পুলিশ কোনোকিছু জানায় নি।
হামলার সময় বেশ কয়েকটি বাড়িতে ডাকাতি ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
উত্তর নাইজেরিয়াতে সা¤প্রদায়িক ও জাতিগত দাঙ্গার ঘটনা বিরল নয়। ওই অঞ্চলে কখনো কখনো এ ধরনের সহিংস হামলার ঘটনা ঘটে।
তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কট্টর মুসলিমরা জড়িত বলে কোনো প্রমাণ পাওয়া যায় নি। দুর্গম উত্তরপূর্বাঞ্চল কট্টর মুসলিমদের শক্ত অবস্থান রয়েছে।
অঞ্চলটিতে প্রায় প্রতিদিনই বিভিন্ন খুনের ঘটনায় স্থানীয় কর্মকর্তারা তাদের দায়ী করে থাকে। উত্তরাঞ্চলজুড়ে বিভিন্ন বোমা হামলার ঘটনার পেছনেও কট্টর মুসলিমরা জড়িত বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৫ ঘ.
bdnews24