সির্ত, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্তে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে শনিবার অবরুদ্ধ ওই শহরে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)।
সির্ত দখলের লড়াই চলতে থাকায় শহরের বাসিন্দাদের জন্য চিকিৎসা সহায়তা জরুরি হয়ে পড়ায় এ সাহায্য দেওয়া হলো।
এর আগে আইসিআরসি সতর্ক করে দিয়ে জানায়, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে সির্তে মানুষজন মারা যাচ্ছে।
হাসপাতালগুলোতে অক্সিজেন ও জ্বালানি সংকট দেখা দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শনিবার ট্রাকভর্তি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আইসিআরসি'র কর্মীদল এনটিসি অনুগত যোদ্ধাদের পাহারায় থাকা কয়েকটি চেকপয়েন্ট অতিক্রম করে সির্তে প্রবেশ করে।
সির্তের হাসপাতালে ২শ যুদ্ধাহতের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেওয়াসহ জেনারেটরের জন্য জ্বালানিও দিয়েছে আইসিআরসি।
তবে অবিরাম গোলাগুলির কারণে রেডক্রস কর্মীরা হাসপাতালে ঢুকে যুদ্ধাহতদের দেখে আসতে পারেনি। রেডক্রসের মুখপাত্র জেনেভায় রয়টার্সকে একথা জানান।
লিবিয়ার অন্তবর্তী শাসক গোষ্ঠী 'ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল' এনটিসি শহরটি থেকে বেসামরিক নাগরিকদের বের হয়ে যাওয়ার সুযোগ করে দিতে শুক্রবার দুই দিনের অস্ত্র বিরতি ঘোষণা করে।
কিন্তু আইসিআরসি'র কর্মীরা লড়াই চলছে বলে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৫ঘ.
bdnews24