নয়াদিল্লি, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার শেষে দেশে ফেরার পর রোববার প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ভারতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী।
ভারতে ব্রিটিশবিরোধী অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধীর ১৪২তম জন্মদিবসে শ্রদ্ধা জানাতে সকালে রাজঘাটে তার সমাধিতে যান সোনিয়া। তিনি সেখানে প্রায় ১৫-২০ মিনিট অবস্থান করেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বিজেপির জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানিও এ সময় সেখানে ছিলেন।
ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া ভারত সরকারের কোনো পদে না থাকলেও তাকে দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয়। কংগ্রেস প্রধান হলেও ২০০৪ সালে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন তিনি।
সকালে রাজঘাটে পৌঁছানোর পর সোনিয়া ফুল দিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে দেখা যায় তাকে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রার্থনা সভাতেও অংশ নেন কংগ্রেস সভানেত্রী।
টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, প্রার্থনা শেষে সোনিয়া বিজেপি নেতা আদভানির সঙ্গে কথা বলছেন।
গত অগাস্ট মাসে যুক্তরাষ্ট্রে সোনিয়া গান্ধীর দেহে অস্ত্রোপচার করেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। তবে তার অসুস্থতা বা চিকিৎসার বিষয়ে পরিবার বা দলের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তার কী হয়েছিল বা অবস্থা কতোটা গুরুতর ছিল- সে সম্পর্কেও কিছু জানা যায়নি। ফলে তার অসুস্থতা নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়।
সেপ্টেম্বরের প্রথমদিকে দেশে ফেরেন সোনিয়া। তবে রোববারের আগে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। গত মাসে তিনি কংগ্রেসের একটি বৈঠকে যোগ দিলেও তা ছিল রুদ্ধদ্বার বৈঠক।
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া বর্তমানে নেহরু গান্ধী পরিবারের উত্তরসূরিদের প্রধান। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত স্বাধীন হওয়ার পর এই পরিবারের সদস্যরাই বেশিরভাগ সময় দেশটির শাসন ক্ষমতায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৫১৩ ঘ.
bdnews24