ওয়াশিংটন, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাড়ি নিয়ে দুশ ফুট গভীর খাদে পড়ে যান তিনি। এর প্রায় এক সপ্তাহ পর তাকে জীবিত অবস্থায় খুঁজে পেলেন তার সন্তানরা।
ক্যালিফোর্নিয়ার ডেভিড ল্যাভ্যাউ নামের ওই ব্যক্তিকে সিনেমার গোয়েন্দা কাহিনীর মতো অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার উপত্যকা থেকে উদ্ধার করে তার তিন ছেয়ে-মেয়ে।
এ সময় গাছের লতাপাতা ও ঝরনার পানি খেয়ে বেঁচে ছিলেন ৬৭ বছর বয়সী ল্যাভ্যাউ।
চ্যারডোনি, সিন ও লিসা ল্যাভাউ শনিবার এনবিসি'র টুডে অনুষ্ঠানে এসে বাবাকে খুঁজে পাওয়ার ঘটনার বর্ণনা দেন। লস এঞ্জেলসের জাতীয় বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া পাহাড়ি রাস্তার খাদে বাবা ও তার ভাঙা-চোরা গাড়ি খুঁজে বের করেন তারা।
লস এঞ্জেলসের দমকল বাহিনীর কর্মকর্তা মার্ক স্যাভাজ বলেন, কাছাকাছি আরেকটা গাড়িও পাওয়া যায়। ওই গাড়ির চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ডেভিডকে ভ্যালেন্সিয়ার হেনরি ম্যায়ো নিউহল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের মুখপাত্র অ্যাড্রিয়েনে থম্পসন বলেন, শুক্রবার সকালে গুরুতর অবস্থায় ডেভিডকে হাসপাতালে আনা হয়। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।
যেভাবে খোঁজ পাওয়া যায়
চ্যারডোনি বলেন, ডেভিডের খোঁজ বের করতে তারা লস এঞ্জেলসের এক গোয়েন্দার কাছে যান। তিনি মোবাইল ফোনের টাওয়ার ও ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটার তথ্য ব্যবহার করে ওই এলাকা সনাক্ত করেন।
লিসা বলেন, "ওই এলাকা সনাক্ত করার পর 'আমরা প্রতিটি উপত্যকায় যাই এবং প্রতিটি পাহাড়ে খোঁজ করি। এক পর্যায়ে আমার ভাই গাড়িটি দেখতে পায় এবং আমরা জোরে ডাকাডাকি করি। তারপর আমরা বাবার কণ্ঠস্বর শুনতে পাই, তিনি বলছিলেন, 'সাহায্য, সাহায্য'। তখন তাকে সেখানে পাই।"
ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের বরাত দিয়ে স্যাভ্যাজ বলেন, ডেভিড সেখানে ছয়দিনের মতো আটকা ছিলেন।
দমকল বাহিনীর কর্মকর্তারা হেলিকপ্টারে করে ডেভিডকে হাসপাতালে নেয়। তার পাজর, কাধ, বাহু ও পিঠের হাড় ভেঙেছে। তার অস্ত্রোপচার করা হবে। কতদিনে তিনি সুস্থ্য হয়ে উঠবেন সে বিষয়ে কিছু বলা হয়নি।
লস এঞ্জেলস থেকে ৮০ কিলোমিটারের মতো উত্তরে প্রায় মানুষের বসতিহীন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৫০ ঘ.
bdnews24