ম্যানিলা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেসাতের পর দ্বিতীয় টাইফুন নাগলায়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিপাইন। এক সপ্তাহের মধ্যে দেশটিতে দু'টি শক্তিশালী টাইফুন আঘাত হানলো।
টাইফুন নাগলায়ে ধান উৎপাদনের জন্য প্রসিদ্ধ উত্তরাঞ্চলীয় দুটি প্রদেশে শনিবার আঘাত হানে। এতে উত্তরাঞ্চরীয় ইসাবেল ও অরোরা প্রদেশ দুটিতে ব্যাপক বৃষ্টিপাত হয়, সঞ্চালন লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এবং ভূমিধসের সম্ভাবনায় শত শত স্থানীয় অধিবাসী তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়।
ফিলিপাইনের আবহাওয়া ব্যুরোর প্রধান গ্রাসিয়ানো য়ুমুল এক সংবাদ সম্মেলনে জানান, উপকূলীয় ইসাবেলা ও অরোরা প্রদেশে টাইফুন নাগলায়ের প্রভাবে ঘণ্টায় ১৬০ কিলোমিটারেরও বেশি বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে ওই অঞ্চলে ভূমিধস ও আকস্মিক বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।
গত সপ্তাহে ওই অঞ্চলেই টাইফুন নেসাত আঘাত হানে। এতে অন্তত ৫০ জনের প্রাণহানি হয় এবং এখনও ৩১ জনের মতো নিখোঁজ রয়েছে।
য়ুমুল বলেন, "টাইফুন নাগলায়ের প্রভাবে লুজোনের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে।" হাজার দ্বীপের দেশ ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপের নাম লুজোন।
তিনি আরো বলেন, "আগামী ছয় ঘণ্টায় ১০ থেকে ১৮ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরফলে বাঁধ উপচে যাবে এবং নদীর পানি দুকূল ছাপিয়ে উঠবে। টাইফুন নেসাতের পর মাটি আর বৃষ্টির পানি শোষণ করতে পারছে না।"
টাইফুনটি তামাক সমৃদ্ধ লা ইউনিয়ন প্রদেশ অতিক্রমের আগে লুজোনের কেন্দ্রীয় সমতল ভূমিতে বন্যার কারণ হতে পারে বলে তিনি সর্তর্ক করেন।
এরপর নাগলায়ে দক্ষিণ চীন সাগরের দিকে চলে যাবে বলে তিনি জানান।
আগামী সপ্তাহে আরো একটি টাইফুন উত্তর ফিলিপাইনে আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া ব্যুরো জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/সিআর/১৪৩৬ ঘ.
bdnews24