২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১৮ আরোহীই নিহত

ইন্দোনেশিয়ার পশ্চিমে পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত বিমানটির ১৮ আরোহীর সবাই নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দোনেশিয়ার পশ্চিমে পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত বিমানটির ১৮ আরোহীর সবাই নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে। নিহতদের মধ্যে ৪টি শিশুও ছিল বলে বিবিসি জানায়। ইন্দোনেশিয়ার উদ্ধার ও তল্লাশি বিভাগের প্রধান সুনারবোয়ো সান্দি শনিবার টেলিভিশনে বলেন, "ঘটনাস্থলে উদ্ধারকারীদের দুটি দল পৌঁছেছে এবং আরোহীদের সবাই মারা গেছে বলে নিশ্চিত খবর জানিয়েছে।" তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানান নি। বৃহস্পতিবার সকালে সুমাত্রায় চাসা সি-২১২ বিমানটি দুর্ঘটনার শিকার হয়। খারাপ আবহাওয়া ও অসমতল ভূমির কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে। রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি জরুরি বার্তা পাঠিয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ জানা যায় নি। উত্তর সুমাত্রার বাহোরক গ্রামে বৃহস্পতিবার সকালে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর পরই আকাশ থেকে পর্যবেক্ষণে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। বিমানটি উত্তর সুমাত্রা থেকে আচেহ প্রদেশের উদ্দেশে যাচ্ছিল। চলতি বছরের মে মাসে দেশটির পূর্বাঞ্চলীয় পশ্চিম পাপুয়াতে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন মারা যায়। দ্বীপ দেশ ইন্দোনেশিয়ার এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য আকাশ পথের ওপর নির্ভর করা হলেও দেশটির বিমান চলাচল নিরাপত্তা তথ্য ভাল নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০৭ ঘ.