হিলা, ইরাক, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের হিলা শহরের একটি মসজিদে শিয়া সম্প্রদায়ের এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে গাড়িবোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
শুক্রবারের ওই গাড়িবোমা হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
বোমা হামলার পর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য মসজিদের কাছেই তৈরি করা তাবুতে জমায়েত হওয়া মানুষদের পুড়ে যাওয়া লাশ ও গাড়ির ভাঙাচোরা অনেক অংশ ছড়িয়ে থাকতে দেখা যায়।
হামলায় আহত হওয়া ৩৭ বছর বয়সী হায়দার কাহতান বলেন, হঠাৎ করেই পুরো জায়গাটা একটা নরকে পরিণত হলো।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর সাম্প্রদায়িক সহিংসতায় বিপর্যস্ত ইরাকে এ ধরনের সহিংসতা বেশ কমে আসলেও আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সুন্নি ইসলামি জঙ্গি এবং শিয়া মিলিশিয়ারা এখনো মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রায় প্রতিদিনই হামলা অব্যাহত রেখেছে।
সাম্প্রতিক সময়ে দেশটির সরকার ও এর নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে সুন্নি বিচ্ছিন্নতাবাদীরা শিয়া স¤প্রদায়ের ওপর আত্মঘাতী ও গাড়িবোমা হামলা শুরু করায় সা¤প্রদায়িক সহিংসতা আবারো বেড়ে উঠছে।
দেশটির পশ্চিমাঞ্চলের সুন্নি অধ্যুষিত আনবার এবং শিয়াদের পবিত্র শহর কারবালাতেই সাম্প্রদায়িক সহিংসতা বেশি হচ্ছে।
বাগদাদের ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণে অবস্থিত হিলা শহরটি দেশটির দক্ষিণে অবস্থিত শিয়া সম্প্রদায়ের কয়েকটি তীর্থস্থানের প্রবেশপথ।
সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার আট বছর পর আগামী ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সাথে ইরাকের নিরাপত্তা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বর্তমানে প্রায় ৪৪ হাজার মার্কিন সেনা স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইরাকে রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরাকি কর্তৃপক্ষ বলছে, ইরাকের দুর্বল বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ করার মতো সামর্থ্য স্থানীয় সশস্ত্র বাহিনীর রয়েছে, তবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য মার্কিন প্রশিক্ষকরা ইরাকে আরো কিছুদিন থেকে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০০ ঘ.
bdnews24