ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন লাদেনের ছোট স্ত্রী আমল আবদুলফাতাহকে উদ্ধার করতে ৫০০ জঙ্গিকে নামিয়েছেন মোল্লা ওমর। কিন্তু তালেবানের এ পরিকল্পনা এখন পর্যন্ত সফল হয়নি।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান এ খবর প্রকাশ করেছে।
গত মে মাসে আল কায়দার শীর্ষ নেতা মার্কিন বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর তার তিন স্ত্রী ও পাঁচ সন্তান পাকিস্তানের হেফাজতে রয়েছে।
আল কায়দা নেটওয়ার্ক সম্পর্কে তথ্য জানতে বিন লাদেনের স্ত্রীদের সুরক্ষিত স্থানে জিজ্ঞাসাবাদ করছে পাকিস্তানি গোয়েন্দারা।
আইএসআই'র এক কর্মকর্তা সানকে বলেন, "সপ্তাহ খানেক আগে গোয়েন্দা সূত্র থেকে আমরা এ ধরনের তথ্য পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তাই গত কয়েক দিনে আল কায়দা নেতার স্ত্রীদের আবাস তিন বার বদলাতে হয়েছে।"
আল কায়দা নেতার স্ত্রীদের বর্তমানে ইসলামাবাদের একটি সুরক্ষিত স্থানে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে আইএসআই কর্মকর্তারা জানিয়েছেন।
ইয়েমেনি বংশোদ্ভূত ২৯ বছর বয়সি আমল স্ত্রীদের মধ্যে আল কায়দা নেতার সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়। বলা হয়, তিনি সন্ত্রাসী এ নেটওয়ার্কের নাড়ি-নক্ষত্র জানেন। তবে জিজ্ঞাসাবাদে তিনি মুখ খুলছেন না বলে আইএসআই কর্মকর্তারা জানিয়েছেন।
বিন লাদেন হত্যামিশনে আমলও আহত হয়েছিলেন। আল কায়দা নেতা এ স্ত্রী বন্দুক চালানোয় দক্ষ, এমনকি রকেট লঞ্চারও ছুড়তে জানেন তিনি।
পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, আল কায়দা নেতার সন্তানদের মুজাহিদিন হিসেবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে আমলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২৫২ ঘ.
bdnews24