২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান তাসিরের হত্যাকারীর মৃত্যুদণ্ড

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকারী দেহরক্ষীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 06:33 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকারী দেহরক্ষীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। চলতি বছরের ৪ জানুয়ারি দেশটির রাজধানী ইসলামাবাদে দেহরক্ষী মুমতাজ কাদরির গুলিতে নিহত হন সালমান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে সালমান হত্যার মামলা পরিচালনা করা হয়। বিবিসি জানায় মুমতাজের আইনজীবী সুজা-উর-রহমান বলেছেন, "আদালত আমার মক্কেলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। তার মৃত্যুর রায় ঘোষণা করেছে আদালত।" ব্ল্যাসফেমি আইনের বিরোধিতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হয়। সালমান পাকিস্তানের ওই আইনের পরিবর্তন চেয়েছিলেন। সালমানের হত্যাকাণ্ডের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক দাবি করেন, পাকিস্তানের ব্ল্যাসফেমি আইনের বিরোধিতা করার কারণেই হয়তো তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত সালমান তাসির দেশের ব্ল্যাসফেমি আইনের বিরুদ্ধে ছিলেন। ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া এক খ্রিস্টান নারীর পক্ষাবলম্বন করলে তাসিরের বিরুদ্ধে ক্ষিপ্ত হয় ইসলামপন্থীরা। নিহত সালমান তাসির ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পাটির্র (পিপিপি) ঊর্ধ্বতন সদস্য ছিলেন। ব্ল্যাসফেমি আইনের সমালোচকেরা মনে করেন, এই আইনের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের স্বাধীনতা হরণ করবে এবং তাদের ওপর নিপীড়নের আইনগত বৈধতা দেওয়ার কাজে ব্যবহৃত হবে। এমন কি মানবাধিকার সংগঠনগুলোও জানায়, রক্ষণশীল মুসলিম ও সাধারন মানুষেরা ব্ল্যাসফেমি আইনকে প্রায়ই তাদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে। সালমান নিহত হওয়ার পর দেশটির উল্লেখযোগ্যসংখ্যক ধর্মী নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন, যারা তার (সালমান) জন্য শোক করবে তাদেরও একই পরিণতি হতে পারে। এমন কি তাদের কেউ কেউ তাসিরের হত্যাকারীর প্রশংসা করে বলেন, তার (মুমতাজ কাদরি) এ কাজে বিশ্বব্যাপী মুসলিমরা গর্বিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১০ ঘ.