কায়রো, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে সহিংসতা বন্ধ এবং বিক্ষোভকারীদের শান্ত করতে প্রয়োজনীয় সংস্কারের পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট হোসনি মোবারক। ওদিকে, বিক্ষোভের ষষ্ঠ দিনে রোববার রাজধানী কায়রোয় সেনাবাহিনী শক্তি প্রদর্শন শুরু করেছে।
বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির (মুক্তি) চত্বরের ওপরে খুব নীচু দিয়ে দিয়ে বার বার চক্কর দিচ্ছে বিমান বাহিনীর দুটি জঙ্গি বিমান ও একটি হেলিকপ্টার। এছাড়া চত্বরের কাছে পৌঁছেছে ট্যাংক বহর।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী তাহরির চত্বরে অন্তত ৩ টি জঙ্গি বিমান উড়ে যেতে দেখার কথা জানিয়েছে। তারা জানায়, জঙ্গি বিমানগুলো কয়েকবার নগরীর ওপর দিয়ে উড়ে গেছে।
কারফিউয়ের আগে বিক্ষোভকারীদের বাড়িঘরে ফেরত পাঠানোর চেষ্টায় সেনাবাহিনী এ শক্তি প্রদর্শন শুরু করেছে।
কারফিউ উপেক্ষা করে বিক্ষোভকারীরা তাহরির চত্বরে জড়ো হওয়ায় সেখানে পাঠানো হয় ডজনখানেক সেনা ট্রাক এবং অতিরিক্ত কয়েকটি ট্যাংক।
কায়রোর কেন্দ্রস্থলে রাস্তা রোববার দখল করে বিক্ষোভকারীরা। রাতের কারফিউ শেষে রোববার সকালে কায়রোয় আবারো বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করে বলে বিবিসি জানিয়েছে।
তাহরির চত্বরে সমবেত এক বিক্ষোভকারীর উক্তি, "লোকজনকে ভয় দেখাতে জঙ্গি বিমান উড়ছে। কারফিউয়ের সময় হয়ে এসেছে কিন্তু কেউ বাড়ি যাচ্ছে না। সেনাবাহিনী যে মোবারককে সুরক্ষা দিচ্ছে তা আমার কাছে পরিস্কার।"
মোবারক বিরোধী নেতা মোহাম্মদ এলবারাদি জাতীয় ঐক্য সরকারের পথ প্রশস্ত করতে রোববারই মোবারকে ক্ষমতা ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন।
কিন্তু গণদাবির মুখেও ক্ষমতা আঁকড়ে থাকা মোবারক রোববার প্রভাবশালী সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন।
ভাইস প্রেসিডেন্ট ওমর সুলায়মান, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ হুসেইন তানতাওয়ি, সেনাবাহিনীর চীফ অব স্টাফ সামি আল-আনন ও অন্যান্য ঊর্ধ্বতন কমান্ডারদের সঙ্গে আলোচনা করেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, আন্দোলন-বিক্ষোভের তোড়ে মোবারকের ক্ষমতার ভিত যখন নড়ছে ঠিক সে সময়টিতে মিশরের ভাগ্য নির্ধারণে প্রভাবশালী সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রোববার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতারা মোবারকের প্রতি শনিবার প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনও মোবারককে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানায় সিএনএন।
মিশরের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৈঠক শেষে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, "সব পক্ষকে সহনশীলতা দেখানোর আহ্বান জানানো হচ্ছে এবং সার্বজনীন মানবাধিকার ও রাজনৈতিক সংস্কারের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপের প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের।"
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এক যৌথ বিবৃতিতে বলেন, "নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো মূল্যে সহিংসতা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের কথা বলার অধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট হোসনি মোবারকের প্রতি আমরা আহ্বান রাখছি।"
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এনবিসি টেলিভিশনের 'মিট দ্য প্রেস অনুষ্ঠানে' এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র মিশরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বর্তমান সঙ্কট থেকে মিশরের বেরিয়ে আসার এটি একটি পথ হতে পারে বলে মন্তব্য করেন তিনি ।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক ও টুইটারের মাধ্যমে সংগঠিত হয়ে মঙ্গলবার থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
তখন থেকে বিক্ষোভকারী-দাঙ্গা পুলিশ সংঘর্ষে দেশটিতে এ পর্যন্ত একশ'র বেশি মানুষ মারা গেছে এবং আহত হয়েছে প্রায় দুই হাজারের বেশি মানুষ।
প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগের দাবিতে ক্রমশ জোরদার হওয়া বিক্ষোভের চতুর্থ দিন শনিবার ৩০ বছরের শাসনামলে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দেশটির সাবেক গোয়েন্দা প্রধান ওমর সুলাইমানকে ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক বিমান চলাচলমন্ত্রী আহমেদ শফিককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন মোবারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/এলকিউ/১৪৫৪ ঘ.
bdnews24