২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভা ভেঙে দিলেন মোবারক, গৃহবন্দি বারাদি

প্রবল গণবিক্ষোভের মুখে মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। শনিবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হবে বলে তিনি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 06:17 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল গণবিক্ষোভের মুখে মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। শনিবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হবে বলে তিনি জানান। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোবারক মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া গণবিক্ষোভের পর এটাই মোবারকের প্রথম বিবৃতি। এদিকে, বারাদিকে গৃহবন্দি করা হয়েছে বলে সিএনএন'কে জানিয়েছেন উচ্চপর্যায়ের একজন নিরাপত্তা কর্মকর্তা। এরআগে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নিতে চাইলে নোবেল শান্তিপুরস্কার জয়ী মোহাম্মদ এল বারাদিকে বাধা দিয়েছে পুলিশ। জুমার নামাজের পর তাকে মসজিদ ত্যাগ করতে বাধা দেওয়া হয়। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিসরের বিক্ষুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হোসনি মোবারকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রাজনৈতিক এই বিক্ষোভ নিয়ন্ত্রণে মোবারকের প্রতি তিনি সহিংসতার আশ্রয় না নেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি রাজনৈতিক সংস্কারের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্যও মোবারকের প্রতি আহ্বান জানান ওবামা। চলমান আন্দোলনে এ পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ২৬ জন মানুষের প্রাণহানি হয়েছে বলে বিবিসি জানায়। এতে আহত হয়েছে শত শত মানুষ। কিন্তু বিক্ষোভ চলছেই। তবে রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ২৪ জনের প্রাণহানি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার থেকে পুলিশকে সহায়তা করতে রাজধানী কায়রো ও সুয়েজ শহরের রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী। মিসরের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, কায়রো, সুয়েজ ও আলেক্সান্দ্রিয়া শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টা থেকে কারফিউ জারি করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা তার পদত্যাগের যে দাবি জানিয়েছে তা নাকচ করে দিয়েছেন মোবারক। চারদিন ধরে মিসরে সরকারবিরোধী আন্দোলন চলছে। শুক্রবার দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহিংসতায় সুয়েজে ১৩ জন ও কায়রোতে ৫ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে। শুক্রবার সুয়েজ, আলেক্সান্দ্রিয়া, ইসমাইলিয়াসহ বড় শহরগুলোতে প্রচণ্ড গণবিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে এ সময় পুলিশ রাবার বুলেট, কাঁদুনে গ্যাস ও জলকামানও ব্যবহার করে। পুলিশের দিকে পাথর ছুঁড়ে পাল্টা জবাব দেয় বিক্ষোভকারীরা। 'তীব্র আন্দোলনের শুক্রবার' ঘোষণা দিয়ে বিক্ষোভে নামে জনতা। "সরে যাও, সরে যাও, হোসনি মোবারক', বলে স্লোগান দেয় তারা। সুয়েজ এ কেন্দ্রস্থলে পুলিশের সঙ্গে হাজার হাজার বিক্ষোভকারীর পুরোদস্তুর সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় ট্যাংক নামানো হয়েছে। গিজা শহরতলীর একটি মসজিদের বাইরের চত্বরে এল বারাদির সমর্থকদের মারধোর করেছে পুলিশ। এপি একথা জানিয়েছে। মানসুরা, আসওয়ান, মিনিয়া, আসুইত এবং সিনা উপদ্বীপের আল আরিশ এও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। কায়রোয় ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির সদরদপ্তরসহ অন্যান্য শহরের শাখা অফিসগুলোতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে পার্লামেন্ট ভবনের কাছে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে স্কাই নিউজ। শুক্রবারের এ বিক্ষোভ-সহিংসতাই মিসরে এ যাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভ বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভ ঠেকাতে চেষ্টার কোনো ত্র"টি করেনি সরকার। বিক্ষোভ-প্রতিবাদ বাড়ার আলামত পেয়েই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে সরকার। আলোচনার দ্বার খোলা রয়েছে বলে জানালেও বিক্ষোভ ঠেকাতে 'চরম ব্যবস্থা' নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মুবারক। বিক্ষুব্ধ পরিস্থিতির মুখে মুবারক সন্ধ্যায়ই ভাষণ দেবেন বলে জানিয়েছে সিএনএন। সহিংসতা এড়াতে মিসরের নেতৃবৃন্দ ও বিক্ষোভকারীদের প্রতি শুক্রবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সুইজারল্যান্ডের দাভোসে 'বিশ্ব অর্থনৈতিক ফোরাম'র বৈঠকে যোগ দিয়ে বান বলেন, "ওই অঞ্চলে বিশেষ করে মিসরের জনগণ ও নেতাদের পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা এড়ানোর বিষয়টি মনে রাখা প্রয়োজন।" তিউনিসিয়ার গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে ৩০ বছর ধরে প্রেসিডেন্টের ক্ষমতা ধরে থাকা মোবারকের পদত্যাগের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটারে সংগঠিত হয়ে গত মঙ্গলবার থেকে মিসরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। দেশটিতে চলমান বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর থেকে অন্তত একহাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/সিআর/১২০০ঘ.