২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে কূটনৈতিক পাড়ায় আত্মঘাতী হামলা, নিহত ৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক পাড়া সংলগ্ন একটি বিপণীবিতানে শুক্রবার আত্মঘাতী হামলায় তিন বিদেশি নারীসহ ৯ জন নিহত ও অপর ছয় জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

কাবুল, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক পাড়া সংলগ্ন একটি বিপণীবিতানে শুক্রবার আত্মঘাতী হামলায় তিন বিদেশি নারীসহ ৯ জন নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। কাবুলের পুলিশ প্রধান আয়ুব সালাঞ্জি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। কাবুলে ব্রিটিশ দূতাবাস ও অন্যান্য দেশের কূটনীতিকদের আবাসিক এলাকা সংলগ্ন ওই বিপণীবিতানে মূলত বিদেশিরাই কেনাকাটা করে। নাম প্রকাশ না করে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকতার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলের আলামত দেখে বিস্ফোরণটি আত্মঘাতী হামলা বলে প্রাথমিকভাবে সিদ্ধান্তে পৌঁছেছেন নিরাপত্তা কর্মকর্তারা। হামলার আগে এলাকাটিতে গুলিও চলেছে বলে জানা গেছে। বিপণীবিতান থেকে মৃতদেহ বের করে আনা হচ্ছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানানো হয়েছে রয়টার্সের খবরে। প্রেসিডেন্ট হামিদ কারজাই হামলার ঘটনাকে অনৈসলামিক বলে মন্তব্য করেছেন। তিনি হামলায় নিহতের সংখ্যা ৯ জন এবং আহতের সংখ্যা ৬ বলে জানান। তালেবানরা এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, একটি নিরাপত্তা সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধানসহ বিদেশিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, "আমরা এ হামলার দায় স্বীকার করছি এবং একটি নিরাপত্তা সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধানসহ বিদেশি নাগরিকদের কেনাকাটার সময় হামলাটি চালানো হয়েছে।" গত এক বছরের মধ্যে কাবুলে বেসামরিক নাগরিকদের ওপর বড় ধরনের হামলার ঘটনা এটাই প্রথম। গত ফেব্র"য়ারিতে কাবুলের সবচেয়ে বড় বিপণীবিতানে ও একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন মারা যায়। ২০০১ সালে ক্ষমতাসীন তালেবান সরকারকে উৎখাতে আফগানিস্তানে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। তখন থেকে যুদ্ধের এই দশ বছরে বর্তমানেই দেশটিতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৫৪ঘ.