ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের রিও ডি জেনেরিওর উত্তরাংশের পার্বত্য অঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বর্ষণের কারণে গৃহহারাদের জন্য ৮ হাজার বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে সরকার।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ বলেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার ৬ হাজার বাড়ি নির্মাণের অর্থ দেবে। বাকি ২ হাজার বাড়ি অর্থ দেবে নির্মাণ প্রতিষ্ঠানগুলো।
বিবিসি বৃহস্পতিবার জানিয়েছে, বন্যা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে বিপুল ব্যয়ের ঘোষণাও দিয়েছেন রৌসেফ।
প্রেসিডেন্ট রৌসেফ রিও ডি জেনেরিও'র গভর্নর সার্জিও ক্যাবরালকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে গৃহনির্মাণের এই ঘোষণা দেন।
রৌসেফ বলেন, গৃহহারা যেসব পরিবার এখন আশ্রিত অবস্থায় রয়েছে এবং যারা ওখানে নিরাপত্তা ও ভীতির কারণে ফিরে যেতে চাইছে না তাদেরকে এই বাড়িগুলো দেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি মাসে ব্রাজিলে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে অন্ততপক্ষে ৮ শতাধিক মানুষের প্রাণহানি হয়। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪ শতাধিক মানুষ।
এই দুর্যোগকে ব্রাজিলের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ব্রাজিলে ১৯৬৭ সালে বন্যায় ৭৮৫ জনের প্রাণহানির পর এবারের প্রাকৃতিক দুর্যোগেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৫ঘ.
bdnews24