ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অপ্রাপ্ত বয়স্ক নারীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হওয়ার আরেকটি অভিযোগে ফেঁসেছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি।
ইতালির সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, বারলুসকোনির পার্টিতে যোগ দেওয়া ১৭ বছর বয়সী আইরিস বেরারডি নামের ওই বালিকাকে যৌনকর্মী বলে সনাক্ত করেছে পুলিশ।
এক বছর আগে ১৭ বছর বয়সী মরোক্কান নারী কারিমা আল মেগরাহির সঙ্গে বারলুসকোনির যৌন সংসর্গের অভিযোগের তদন্ত চলছে।
ক্লাব পার্টির নাচনেওয়ালি মেগরাহি বারলুসকোনির পার্টিতে যোগ দেওয়ায় ৭ হাজার ইউরো উপঢৌকন পাওয়ার কথা স্বীকার করলেও তার সঙ্গে যৌনসংসর্গের বিষয়টি অস্বীকার করেছেন।
যৌনকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইতালিতে আইনি বাধা না থাকলেও ১৮ বছরের কম বয়সী কোনো নারীর সঙ্গে যৌন সংসর্গ থাকা বড় ধরনের অপরাধ।
তবে বারলুসকোনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে।
ইতালির সংবাদ মাধ্যম 'আনসা' জানিয়েছে, ২০০৯ সালের ২১ নভেম্বর বারলুসকোনি আয়োজিত সার্দিনিয়ার পোর্তো রোতোন্দোয় একটি পার্টিতে এবং একই বছর ডিসেম্বরে বারলুসকোনির মিলানের এক পার্টিতে বেরারডির যোগ দেওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।
মোবাইল ফোনের তথ্য ঘেটে এ বিষয়ে প্রমাণ পাওয়া গেছে বলে আনসা'র প্রতিবেদনে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৪৬ঘ.
bdnews24