২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় কয়লাখনি বিস্ফোরণে ২০ শ্রমিক নিহত

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি ছোট কয়লাখনিতে বিস্ফোরণে ২০ জন শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 04:37 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

কলম্বিয়া, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি ছোট কয়লাখনিতে বিস্ফোরণে ২০ জন শ্রমিক নিহত হয়েছে। দেশটির ভূ-তত্ত্ব ও খনি কর্মকর্তারা বুধবার এ খবর জানায়। কলম্বিয়া বিশ্বের ৫ নম্বর কয়লা রপ্তানিকারক দেশ। দেশটিতে উন্মুক্ত পদ্ধতিতেই কয়লা উত্তোলন করা হয় বেশি। কিন্তু কিছু ছোট খনি রয়েছে যেগুলোতে ভূ-অভ্যন্তরে গিয়ে কয়লা তুলে আনতে হয়। ভূ-অভ্যন্তরের কয়লাখনিগুলোতে মিথেন গ্যাস নির্গত হয়। যে কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। খনি কর্তৃপক্ষ জানায়, নর্তে দ্য সান্তানদার প্রদেশের ওই খনিতে মিথেন গ্যাসজনিত বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এতে প্রাথমিকভাবে ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খনি কর্মকর্তা মারিসা ফার্নান্দেজ টেলিফোনে রয়টার্সকে বলেন, "খনি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৬ জন আহত হয়েছে বলে আমাকে জানানো হয়।" কলম্বিয়ার রেডক্রস জানায়, এ পর্যন্ত ৮টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে আহত হয়েছে প্রায় ৬ জন। রেডক্রস আরো জানায়, খনির অভ্যন্তরে থাকা বাকি ১২ জনের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। স্থানীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অজ্ঞাতনামা এক খনি শ্রমিক বলেন, "আমি আশা করি পরিবারকে সাহায্য করার জন্য অন্য কোনো পেশায় ঈশ্বর আমার সহায় হবেন।" দুর্ঘটনাকবলিত ওই খনির এক শ্রমিক অশ্র"সিক্ত চোখে জানায়, খনির ভেতরে থাকা তাদের সব সহকর্মীই মারা গেছেন বলে তারা আশঙ্কা করছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই খনিতে এর আগেও বিস্ফোরণে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়েছে। এখনো কোনো শ্রমিক বেঁচে আছে কিনা তার সন্ধানে উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত বছরের জুনে কলম্বিয়ায় খনি বিস্ফোরণে ৭০ জন শ্রমিক নিহত হয়। নভেম্বরে দুটি ছোট কয়লা খনি দুর্ঘটনায় আরো ৯ শ্রমিক মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩০ ঘ.