কায়রো, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিসরে কোনোরকম আন্দোলন, প্রতিবাদের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।
প্রেসিডেন্ট হোসনি মুবারককে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি জানিয়েছে তারা। দু'টি নগরীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তধস্তিও হয়েছে।
কায়রোর কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। সুয়েজ নগরীতেও বিক্ষোভ করেছে জনতা। দমনাভিযান চালিয়ে ইতোধ্যেই ৫শ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা কর্মকর্তারা।
এর আগে বৈপ্লবিক অভ্যুত্থানের মুখে মিসর সবরকম বিক্ষোভ-আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করে। বিক্ষোভ মিছিলে কেউ যোগ দিলেই তাদের পাকড়াও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো ধরনের মিছিল, প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভ বরদাস্ত করা হবে না। মিছিলে বা বিক্ষোভে কেউ যোগ দিলে তাকে গ্রেপ্তার করে বিচার করা হবে।
সোশ্যাল নেটওয়ার্কে (সামাজিক যোগযোগ মাধ্যম) প্রচারের মাধ্যমে জড়ো হওয়া হাজার হাজার কায়রোবাসী মঙ্গলবার প্রেসিডেন্ট হোসনি মুবারকের ৩০ বছরের শাসনাবসানের দাবিতে বিক্ষোভে নামে।
বুধবার সকালে ২য় দিনের মতো রাস্তায় নামে বিক্ষোভকারীরা। কায়রোর কেন্দ্রীয় তাহরির চত্বরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পুলিশ।
তাছাড়া কায়রোর আদালত প্রাঙ্গনে এবং শিল্পনগরী মহল্লা-আল কুবরায় বিক্ষোভকারীদের সমবেত হওয়ার চেষ্টাও বানচাল করে পুলিশ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮১ সাল থেকে মিশরের প্রেসিডেন্টের ক্ষমতা ধরে রাখা হোসনি মুবারককে উৎখাতে ফেইসবুকে একটি পৃষ্ঠা খোলা হয়। বিক্ষোভে অংশ নেওয়া কথা ওই ফেইসবুক পৃষ্ঠায় নিশ্চিত করে হাজার হাজার মানুষ।
বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানায়, সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভরতরা "তিউনিসিয়াই সমাধান" লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে।
জনবিক্ষোভের মুখে গত ১৫ জানুয়ারি তিউনিসিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিনে আবিদিন আল বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যান।
রয়টার্স জানায়, বিক্ষোভ মিছিল থেকে বলা হচ্ছিলো, প্রেসিডেন্ট হোসনি মুবারকের ছেলে গামাল যেন তার বাবাকে জানিয়ে দেন যে মিশরবাসী তাকে ঘৃণা করে।
কোনো কোনো বিশ্লেষক ধারণা করেন, মুবারকের পর মিসরের প্রেসিডেন্ট করা হবে গামালকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/সিআর/এলকিউ/০৯৪০ ঘ.
bdnews24