২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট নিয়ে লড়াইয়ের মুখে ওবামা

'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণের পর এখন বাজেট ঘাটতি কমানো এবং ব্যয় হ্রাসের পরিকল্পনা নিয়ে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ওয়াশিংটন, জানুয়ারি ২৬ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণের পর এখন বাজেট ঘাটতি কমানো এবং ব্যয় হ্রাসের পরিকল্পনা নিয়ে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার ওবামা বিভক্ত কংগ্রেসে রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণ দিলেও বাজেট পরিকল্পনা নিয়ে রিপাবলিকানদের সঙ্গে তার মতবিরোধ সহসাই মিটবে না বলে মনে করা হচ্ছে। ভাষণে ওবামা বলেন, নভেম্বরের নির্বাচনের পর শাসন পরিচালনার দায়দায়িত্ব এখন ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দু দলের ওপরই বর্তেছে। জনগণ চায় দুই দল মিলেমিশে কাজ করুক। বাজেট ঘাটতি কমানোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ভারত ও চীনের মতো নতুন প্রতিযোগী দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবেলারও আহ্বান জানান তিনি। অর্থনৈতিক ক্ষেত্রে ওবামা ৫ বছরের জন্য দেশের অভ্যন্তরীণ ব্যয় স্থগিত করেছেন। এর মধ্য দিয়ে আগামী এক দশকে বাজেট ঘাটতি প্রায় ৪০ হাজার কোটি ডলার কমানো সম্ভব হবে বলে দাবি করেন তিনি। রিপাবলিকানরা ব্যয় আরো কমানোর দাবি জানাচ্ছে। কিন্তু এর জবাবে ওবামার ভাষ্য, ব্যয় যেটুকু কমানো হচ্ছে সেটিই অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা সেটি আগে নিশ্চিত হওয়া প্রয়োজন। রিপাবলিকানরা এ বছরই ১০ হাজার কোটি ডলার ব্যয় হ্রাস চায়। সে জায়গায় ওবামা এক দশকে ব্যয় হ্রাসের যে পরিকল্পনা দিয়েছেন তা খুবই নগন্য এবং সময়সাপেক্ষ বলে মন্তব্য করেছে তারা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেছেন, প্রতিটি ডলার ব্যয়ের পেছনে যেখানে ৪১ সেন্ট করে ধার করতে হচ্ছে এবং প্রশাসন যখন ঋণের মাত্রা আরেকটু বাড়ানোর দিকে চেয়ে আছে সে সময়টিতে ওবামার আংশিক ব্যয় স্থগিতের পদক্ষেপ যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রে এ বছর ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি এবং ১৪ ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ সমলানোর ক্ষেত্রে ওবামার অভ্যন্তরীণ ব্যয় স্থগিত পরিকল্পনা তেমন কাজে আসবে না। রিপাবলিকানরা এ ঋণের বোঝা কমাতে বদ্ধপরিকর। কিন্তু কাজটি খুব সহজ হবে না। তাছাড়া, ওবামার ব্যয় স্থগিতের এ পদক্ষেপ 'স্যোশাল সিকিউরিটি' এবং 'মেডিকেয়ার' এর মতো বড় ধরনের কর্মসূচিতে প্রয়োজ্য হবে না। অথচ যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি সমস্যার মূলে রয়েছে এ দুটি খাত। তারপরও ব্যয়হ্রাস এবং বাজেট ঘাটতি কমাতে ওবামার সতর্ক যাত্রা শুরুর উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্লেষকরা। ওবামা ভাষণে সরকারি ব্যয় না বাড়িয়ে করের হার কমানোর লক্ষ্যে কিছু সংস্কারের আহ্বান জানান। তার কর সংস্কারের এ পরিকল্পনা নিয়েও রিপাবলিকানদের সঙ্গে মতবিরোধ রয়েছে। তাছাড়া, ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ৮০ শতাংশ পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যস্থির করেছেন ওবামা। কিন্তু পরিবেশ বান্ধব জ্বালানি তৈরির জন্য তেল কোম্পানীগুলোকে সাহায্য হিসাবে কর ভর্তুকি দেওয়া বন্ধের ব্যাপারে ওবামা যে সমর্থন জানিয়েছেন তা নিয়ে তিনি রিপাবলিকানদের ঘোর আপত্তির মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৫ ঘ.