ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোশ্যাল নেটওয়ার্কে (সামাজিক যোগযোগ মাধ্যম) প্রচারের মাধ্যমে জড়ো হওয়া হাজার হাজার কায়রোবাসী মিশরের সরকার উৎখাতের দাবিতে বিক্ষোভে নেমেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮১ সাল থেকে মিশরের প্রেসিডেন্টের ক্ষমতা ধরে রাখা হোসনি মোবারককে উৎখাতে ফেইসবুকে একটি পৃষ্ঠা খোলা হয়। বিক্ষোভে অংশ নেওয়া কথা ওই ফেইসবুক পৃষ্ঠায় নিশ্চিত করে হাজার হাজার মানুষ।
কায়রোর সংসদ ভবন, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করছে পুলিশ।
মিশরের আলেক্সান্দ্রিয়া ও ইসমাইলিয়ায়ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
অত্যাচার, দারিদ্র্য, দুর্নীতি ও বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ- ফেইসবুক পৃষ্ঠায় এই আহ্বান জানিয়ে মিশরবাসীদের বিক্ষোভে যোগ দিতে উদ্বুদ্ধ করে এর আয়োজকরা।
বার্তাসংস্থা এপির বরাত দিয়ে বিবিসি জানায়, তাহরির স্কয়ারে বিক্ষোভকারীরা পুলিশের একটি জল কামানেও হামলা চালিয়েছে।
এক বিক্ষোভকারী বলেন, "আজকে আমি মরতে এসেছি। কিছুতেই ভয় নেই আমার।"
বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানায়, সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভরতরা "তিউনিসিয়াই সমাধান" লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছিলো।
জনবিক্ষোভের মুখে গত ১৫ জানুয়ারি তিউনিসিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিনে আবিদিন আল বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যান।
রয়টার্স জানায়, বিক্ষোভ মিছিল থেকে বলা হচ্ছিলো, প্রেসিডেন্ট হোসনি মোবারকের ছেলে গামাল যেন তার বাবাকে জানিয়ে দেন যে মিশরবাসী তাকে ঘৃণা করে।
কোনো কোনো বিশ্লেষক ধারণা করেন, মোবারকের পর মিশরের প্রেসিডেন্ট করা হবে গামালকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩২০ ঘ.
bdnews24