জাতিসংঘ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবাধিকার রক্ষায় সোচ্চার না হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
সম্প্রতি প্রকাশ পাওয়া আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ 'র সর্বশেষ বার্ষিক রিপোর্টে তার কঠোর সমালোচনা করে তাকে এক হাতবিহীন যোদ্ধা হিসেবে অভিহিত করা হয়।
তবে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে রক্ষার চেষ্টা করছে জাতিসংঘ। জাতিসংঘ বলেছে, বিশ্বব্যাপী অনেক সফলতা আছে বানের।
এই সমালোচনা এমন এক সময় করা হলো যখন দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন জাতিসংঘ মহাসচিব হিসেবে প্রথম মেয়াদ শেষ করে দ্বিতীয় মেয়াদের জন্য প্রস্তুত হচ্ছেন।
জাতিসংঘ মহাসচিব হিসেবে বানের মেয়াদ ২০১১ সালেই শেষ হবে।
মহাসচিব কে সমর্থন করে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন,"সংরক্ষিত তথ্যউপাত্ত সাক্ষ্য দিচ্ছে মহাসচিব নিখাদ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি জনমত সৃষ্টি করে চাপ প্রয়োগেও সফল হয়েছেন।"
এক্ষেত্রে ফারহান সুদানের সহিংসতা জর্জরিত পশ্চিম দারফুর ও মালাউয়ির এক সমকামী দম্পতিকে জেল থেকে ছাড়িয়ে আনাকে মহাসচিবের "নিখাদ কূটনৈতিক" উদ্যেগে মানবাধিকার রক্ষার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
কিন্তু নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ওয়াচ গ্র"প' এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে সংগঠনটির প্রধান কেনেথ রোথ বলেন, বান মানবাধিকার লংঘনকারী সরকারগুলোকে চাপ প্রয়োগের ব্যাপারে "লক্ষ্যণীয়ভাবে নিস্পৃহ" ছিলেন।
মানবধিকার রক্ষার ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের ভূমিকাকে উপহাস করে রোথ বলেন, বানের নিস্পৃহ ভাব দেখে মনে হয় তিনি সবসময় এক হাত পিছনে বেঁধে রেখে লড়াই করতে পছন্দ করেন।
তিনি চীন, সুদান, মিয়ানমার এবং শ্রীলঙ্কার উল্লেখ করে বলেন, এ দেশগুলোর মানবাধিকার লংঘনের বিরুদ্ধে বান কার্যকর উদ্যেগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন।
'হিউম্যান রাইটস ওয়াচ' এর সর্বশেষ রিপোর্ট সোমবার প্রকাশ পায়।
বান কি মুন শ্রীলঙ্কার গৃহযুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কিভাবে ব্যাবস্থা নেওয়া যায় এ ব্যাপারে তাকে পরামর্শ দিতে একটি প্যানেল গঠন করেছেন।
গত বছর চীন সফরে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সাথে বৈঠকে শান্তিতে নোবেল বিজয়ী লিউ জিয়াবোর মানবাধিকার লঙ্ঘন ও তাকে জেল দেওয়ার ব্যাপারে কোন কথা না বলায় বান কি মুন সমালোচনার মুখোমুখি হন।
লিউ জিয়াবোকে কখনো শুভেচ্ছা জানাননি বান এবং তার মুক্তির ব্যাপারে এ পর্যন্ত কোন কথা বলেননি।
গত বছর বানের বিরুদ্ধে দুর্বল নেতৃত্বের অভিযোগ তুলে পদত্যাগকারী জাতিসংঘের অভ্যন্তরীণ তত্ত্ববধান কার্যালয়ের প্রধান সুইডিশ ইনগা ব্রিট আহলেনিয়াস গত সপ্তাহে বলেন, বান কি মুনকে পূনর্র্নিবাচন করলে বিষয়টি বিব্রতকর হয়ে দাড়াবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৫ ঘ.
bdnews24