ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এবার ফাঁস হয়েছে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলকে দেওয়া ফিলিস্তিনের বড় ধরনের ছাড় প্রস্তাবের নথি। আল- জাজিরা টিভি এ গোপন নথি প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, ফিলিস্তিনি আলোচকরা গোপনে ইসরায়েলকে অবৈধভাবে দখল করা পূর্ব জেরুজালেমের বিরাট অংশের দখল ধরে রাখতে দিতে রাজি হয়েছিলো।
নথির এ তথ্যানুযায়ী, এটিই শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলকে দেওয়া ফিলিস্তিনের বড় ধরনের ছাড়ের প্রস্তাব। যা আগে কখনো দেখা যায়নি।
কিন্তু ইসরায়েল সঙ্গে সঙ্গে এ প্রস্তাব প্রত্যাখান করে এবং এর বিনিময়ে তারা পাল্টা কোনো প্রস্তাবও করেনি। এ প্রস্তাব বেশি দূর এগুবে না যুক্তিতে ইসরায়েল তা প্রত্যাখ্যান।
আল-জাজিরা জানায়, ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ইসরায়েলের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়ার হাজার হাজার গোপন নথি তাদের কাছে আছে।
নথিগুলোর সত্যতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তারা। ফিলিস্তিনি শান্তি আলোচক দলের প্রধান নথিগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
নথিগুলো প্রকাশের কিছুক্ষণ পর আল-জাজিরারকে দেওয়া এক সাক্ষাৎকারে সায়েব এরাকাত নথিগুলোকে "মিথ্যার গুচ্ছ" বলে উড়িয়ে দেন।
বিবিসি জানায়, তারাও এই নথিগুলোর বিশ্বাসযোগ্যতা যাচাই করতে পারেনি।
আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক, তারবার্তা ও বিভিন্ন যোগাযোগের ১৬,০৭৬ টি গোপন নথি তাদের কাছে আছে।
বিবিসি জানায়, নথিগুলো ফিলিস্তিনের দিক থেকে ফাঁস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফাঁসকৃত গোপন নথিগুলোর মধ্যে পূর্ব জেরুজালেম নিয়ে প্রকাশিত ফিলিস্তিনি আলোচকদের প্রস্তাবটি অত্যন্ত বিতর্কিত।
জেরুজালেমকে ইসরাইল ও ফিলিস্তিন উভয়ই তাদের রাজধানী হিসাবে দাবি করায় জেরুজালেম ইস্যুটি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় প্রধান বাধা হয়ে আছে।
বিবিসি'র জেরুজালেম প্রতিনিধি ওয়ের ডেভিস জানান, বছরের পর বছর ধরে এই একই ফিলিস্তিনি নেতারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন। কিন্তু পরিস্থিতি যেমন ছিল সেরকমই আছে।
তিনি আরো জানান, দিনের পর দিন ইসরায়েলের আগ্রাসন প্রত্যক্ষ করে এবং নিজেদের নেতাদের দুর্র্বলতায় ফিলিস্তিনিদের মধ্যে হতাশা ক্রমাগত গভীর হচ্ছে এবং তারা বিক্ষুব্ধ হয়ে উঠছে। এ অবস্থায় নথিগুলোর প্রকাশ তাদের মধ্যে বিস্ফোরণ ঘটাবে।
১৯৬৭ সাল থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেমসহ পশ্চিমতীর দখল করে রেখেছে। এখানে ১শ'র বেশী আবাসন প্রকল্পে প্রায় ৫ লাখ ইহুদি মানুষ বসতি স্থাপন করেছে।
আল-জাজিরা প্রকাশিত নথি অনুযায়ী, "২০০৮ সালের মে মাসে ফিলিস্তিনি আলোচক দলের তৎকালীন নেতা আহমেদ কোরাইয়া প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েল শুধু হার হোমা (জাবাল আবু ঘানিম) বাদে পূর্ব জেরুজালেমের সব ইহুদি বসতি নিজের দখলে রাখবে। যার মাধ্যমে দুই পক্ষ একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছবে।"
প্রকাশিত নথি অনুযায়ী তিনি বলেন "আমাদের ইতিহাসে এই প্রথম আমরা এ ধরনের প্রস্তাব দিলাম।"
এর মাধ্যমে তিনি ইঙ্গিত করেন, এটি ২০০০ সালের ক্যাম্প ডেভিড চুক্তির দেওয়া ছাড়ের চেয়েও বড় ছাড়।
ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দল পিএলও-র নেতারাও পূর্ব জেরুজালেমের গুরুত্বপূর্ণ এলাকার অংশ আরব অধ্যুষিত শেখ জারা অন্য কোন জায়গার সঙ্গে বিনিময় করার গোপন পরামর্শ দিয়েছিলো বলে প্রকাশিত গোপন নথি সূত্রে জানা গেছে।
এছাড়া, ফিলিস্তিনি আলোচকরা জেরুজালেমের টেম্পল মাউন্ট এর দায়িত্ব একটি আন্তর্জাতিক পরিষদের কাছে হস্তান্তরের প্রস্তাবও দিয়েছিল বলে জানানো হয়েছে নথিতে।
এই টেম্পল মাউন্টে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ অবস্থিত।
এই ইস্যুগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত এবং এর আগে এগুলো নিয়ে কোন ধরনের আলোচনা নিষিদ্ধ ছিল।
বর্তমানে অধিকৃত ফিলিস্তিনি এলাকায় ইহুদি বসতি স্থাপন বন্ধে ইসরাইলের অস্বীকৃতির কারণে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা বন্ধ হয়ে আছে।
বিবিসির কূটনৈতিক প্রতিনিধি জোনাথন মারকাস বলেছেন, ফাঁসকৃত নথিগুলো থেকে এটি পরিস্কার যে, ফিলিস্তিন পক্ষ উল্লেখযোগ্য ছাড় দিতে প্রস্তুত ছিল যা ইসরাইলি সরকার মেনে নিতে আগ্রহী ছিল না।
যুক্তরাজ্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ম্যানুয়েল হাসাসিয়ান বলেছেন, নথিগুলোর সত্যতা সম্বন্ধে নিশ্চিত হওয়া গেলে বলতে হবে "বড় ছাড়" প্রস্তাব করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৪ ঘ.
bdnews24