ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নববর্ষে আলেকজান্দ্রিয়ার আল কুইদিসেন গির্জার বাইরে গাড়িবোমা বিস্ফোরণে গাজাভিত্তিক জঙ্গি গোষ্ঠী 'আর্মি অব ইসলাম' জড়িত বলে দাবি করেছে মিসর।
ওই ঘটনায় ২৩ জনের প্রাণহানি হয়।
বিবিসি জানায়, মিসরের পুলিশ দিবস উপলক্ষ্যে দেওয়া ভাষণে স্বারষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদিল বলেন, "ঘৃণ্য ওই হামলা পরিকল্পনা ও বাস্তবায়নে আর্মি অব ইসলামের জড়িত থাকার সুস্পষ্ট তথ্য-প্রমাণ আমাদের কাছে রয়েছে।"
তবে এ অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। তাদের এক মুখপাত্র রোববার বলেন, "গির্জায় হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।"
মিসরের কর্তৃপক্ষ ওই হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট ক্ষুদ্র ওই জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকার বিষয়ে খুব সামান্য তথ্য-প্রমাণই জনসমক্ষে প্রকাশ করেছে।
গোষ্ঠীটির বিরুদ্ধে গাজার অভ্যন্তরে অপহরণসহ অন্যান্য সহিংসতার অভিযোগ রয়েছে।
নববর্ষের ওই ঘটনায় দেশটিতে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
মুসলিম অধ্যুষিত মিসরের ১০ ভাগ খ্রিস্টান ধর্মানুসারী। দেশটির মোট জনসংখ্যা ৭ কোটি ৯০ লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৩৫ ঘ.
bdnews24