২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত এমপিদের নিয়ে অধিবেশনে সম্মতি কারজাই'র

আফগানিস্তানে নির্বাচনে জালিয়াতি তদন্তের মধ্যেই বুধবার পার্লামেন্ট অধিবেশন ডাকলেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

কাবুল, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানে নির্বাচনে জালিয়াতি তদন্তের মধ্যেই বুধবার পার্লামেন্ট অধিবেশন ডাকলেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে ১৮ সেপ্টেম্বরের নির্বাচনে জয়ী পার্লামেন্ট সদস্যদের (এমপি) সঙ্গে এক বৈঠকে পার্লামেন্টের নিুকক্ষ ওলাসি জিরগার অধিবেশন বসার ব্যাপারে সম্মতি দেন কারজাই। তবে নির্বাচনে জালিয়াতি তদন্তে গঠিত স্পেশাল ট্রাইবুনাল কাউকে দোষী সাব্যস্ত করলে সে রায় এমপিদের মেনে নেওয়ার শর্তে পার্লামেন্ট অধিবেশন ডাকতে কারজাই সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন ওলাসি জিরগার সর্বশেষ অধিবেশনের ডেপুটি স্পিকার মিরওয়াইস ইয়াসিনি। ইয়াসিনি রয়টার্সকে বলেন, "ভোট জালিয়াতির ব্যাপারে আইন ও সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার শর্তে সম্মত হয়েছেন কারজাই। স্পেশাল ট্রাইবুনাল বেআইনি হলে স্বাভাবিক নিয়মেই তা অকার্যকর হবে।" নির্বাচনী অভিযোগ সংক্রান্ত কমিশন (ইসিসি) ভোট জালিয়াতির তদন্ত কাজ শেষ করার পর ১ ডিসেম্বর নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করে স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি)। কিন্তু ভোট জালিয়াতির বিষয়ে অধিকতর তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেল পাঁচ বিচারকের সমন্বয়ে একটি স্পেশাল ট্রাইবুনাল গঠন করেন। ট্রাইবুনালের সদস্যরা জানিয়েছেন, তারা ৩ শ'র বেশি ভোট জালিয়াতির ঘটনার প্রমাণ পেয়েছেন এবং সেগুলো খতিয়ে দেখতে আরো সময় প্রয়োজন। এ ট্রাইবুনালের আইনি বৈধতা নিয়ে বিতর্ক রয়েছে। গত বুধবার স্পেশাল ট্রাইবুনালের সময় বাড়ানোর জন্য পার্লামেন্ট অধিবেশন এক মাস পিছিয়ে দেন কারজাই। কিন্তু নতুন সরকার গঠনের রীতি অনুযায়ী নির্ধারিত দিন রোববার প্রেসিডেন্টকে ছাড়াই পার্লামেন্ট অধিবেশনে বসার হুমকি দেন এমপিরা। যদিও আফগান আইনে পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে প্রেসিডেন্টকে অবশ্যই উপস্থিত থাকতে হয়। তাছাড়া আফগানিস্তানের পার্লামেন্ট অধিবেশনের দেরি নিয়ে শুক্রবার জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা গভীর উদ্বেগ প্রকাশ করে। সে পরিস্থিতিতে ওলাসি জিরগার অধিবেশন ডাকার ব্যাপারে এমপিদের সঙ্গে কারজাই'র এ সমঝোতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৪০ ঘ.