২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনা আবার শুরুর প্রত্যাশা আহমাদিনেজাদের

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা আবার শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ইস্তানবুল, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা আবার শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। রোববার রাশত শহরে এক সমাবেশে আহমাদিনেজাদ বলেন, "অপরপক্ষ বিতর্ক নিরসনে আন্তরিক থাকলে এবং আইন ও বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকলে পরবর্তী পর্যায়ের আলোচনায় সন্তোষজনক ফল আসার প্রত্যাশা করা যায়।" শনিবার কোনো অগ্রগতি ছাড়াই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও পশ্চিমা শক্তিগুলোর আলোচনা শেষ হয়। তুরস্কের ইস্তাম্বুলে ইরানের সঙ্গে দুই দিনের ওই আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনাকে 'হতাশাজনক' বলেন অ্যাস্টোন। তাছাড়া পরবর্তী আলোচনার জন্য নতুন কোনো তারিখও নির্ধারণ হয়নি বলে জানান তিনি। আলোচনা আবার শুরু হওয়া নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই অনেকটা এমন দৃঢ় কণ্ঠে আহমাদিনেজাদ বলেন, "বিতর্ক নিরসনে উভয়পক্ষ আন্তরিক থাকলে আগামী বৈঠকগুলোতে সন্তোষজনক সমঝোতা হবে।" ইস্তাম্বুল বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ার জন্য তিনি ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দায়ী করেন। "অসংস্কৃত ইহুদিরা এবং আমেরিকা ও ইউরোপের কিছু মানুষ বিতর্কটির অবসান চায় না", বলেন আহমাদিনেজাদ। শনিবার আলোচনা শেষে ক্যাথেরিন অ্যাস্টোন বলেন, "এ সমাপ্তি আমি প্রত্যাশা করিনি। যথাযথভাবে আলোচনাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিলো আমাদের এবং তা করতে সব ধরনের চেষ্টা করেছি আমরা।" "আমি হতাশ", বলেন তিনি। আলোচনা শেষে ইরানের প্রধান সমঝোতাকারী সাইদ জালিলি বলেন, যে কোনো সমঝোতার ক্ষেত্রেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকতে হবে। আলোচনা আবারো শুরু হওয়ার আশা প্রকাশ করেন তিনি। তবে ইরানের আরো গঠনমূলক মনোভাবের ওপরই পরবর্তী আলোচনা নির্ভর করছে বলে জানান অ্যাস্টোন। তিনি বলেন, "কেবল ইরান ইতিবাচক সাড়া দিলেই এ প্রক্রিয়া এগোতে পারে।" "আলোচনার দরজা খোলা। সিদ্ধান্ত ইরানের হাতে।" বলেন অ্যাস্টোন। পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে বলে সন্দেহ পশ্চিমাদের। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে তেহরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০৯ ঘ.