২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় বিক্ষোভ, বেন আলির দুই সহযোগী আটক

তিউনিসিয়ায় অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচির পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভের মধ্যে পুলিশ সাবেক প্রেসিডেন্ট বেন আলির দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

তুনিস, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ায় অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচির পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভের মধ্যে পুলিশ সাবেক প্রেসিডেন্ট বেন আলির দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করেছে। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃতদের একজন বেন আলির সাবেক উপদেষ্টা আব্দেলআজিজ বিন দিয়া এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনেট প্রধান আব্দুল্লাহ কাল্লাল। তাদেরকে গৃহবন্দি করে রাখা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার একথা জানিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পুলিশ বেন আলির আরেক সাবেক উপদেষ্টা আব্দুলওয়াহাব আবদুল্লাহকে খুঁজছে বলে জানিয়েছে গণমাধ্যম। রাজধানী তিউনিসে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে বেন আলির দুই সহযোগী গ্রেপ্তার হওয়ার এ খবর এলো। তিউনিসিয়া প্রশাসন পথে পথে সেনা নামিয়ে বিক্ষোভ মোকাবেলার চেষ্টা চালিয়ে গেলেও নতুন নতুন দাবি নিয়ে মানুষ দলে দলে বিক্ষোভে সামিল হচ্ছে। শনিবার বিক্ষোভকারীরা গানুচির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। রোববারও রাজধানী তিউনিসে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ করেছে গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ লোকজন। সরকারে সাবেক প্রেসিডেন্ট বেন আলির দলের কাউকে দেখতে চায় না তারা। রোববার রাজধানীতে ছড়িয়ে পড়া 'কারাভান অব ফ্রিডম' নামের নতুন বিক্ষোভে শত শত মানুষ তিউনিসের কেন্দ্রস্থলে গানুচির কার্যালয় ঘেরাও করে। বিক্ষোভকারীদেও বেশির ভাগই এসেছে সিদি বউজিদ এলাকা থেকে। যেখান থেকে তিউনিসিয়ায় বিক্ষোভ-সহিংসতার সূত্রপাত। এক বিক্ষোভকারীর উক্তি, "আমরা কোনঠাসা হয়ে পড়েছি। আমাদের জমি সরকার নিয়ে নিয়েছে। আমাদের কিছু নেই। জনগণ এ সরকারের পতন চায়।" আরেক বিক্ষোভকারী বলেন, তারা শুধু সিদি বউজিদে বেকার যুবকের দেহে আগুন ধরানোর ঘটনার স্মরণে এ বিক্ষোভে নামেননি বরং আন্দোলনে বেন আলির সশস্ত্র পুলিশের গুলিতে যাদের মৃত্যু ঘটেছে তাদেরও শ্রদ্ধাভরে স্মরণ করছেন। এক সপ্তাহ আগে বিক্ষোভের মুখে দেশটির প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় বিক্ষোভকারীরা এবার সাবেক প্রেসিডেন্টের সহকর্মী মন্ত্রীদের পদত্যাগ দাবি করছে। এর আগে বিক্ষোভের মুখে শুক্রবার রাতে আবেগাপ্লুত এক টোলিভিশন ভাষণে গানুচি অন্তবর্তী সরকারের দয়িত্ব পালন শেষে রাজনীতি থেকে অবসর নেবেন বলে ঘোষণা দেন। কিন্তু তার এই ঘোষণায়ও বিক্ষোভকারীরা সন্তুষ্ট নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে হাজার হাজার বিক্ষোভকারী তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিল। প্রধানমন্ত্রীর অফিস পাহারারত পুলিশরাও ছিল বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতিশীল। বিক্ষোভরতদের একটি ব্যানারে লেখাছিল, 'স্বৈরাচারের দোসরদের অন্তবর্তী সরকারে ঠাঁই নেই'। এক বিক্ষোভকারী জানায়, তারা প্রধানমন্ত্রী গানুচিকে 'বিপ্লবে'র সংজ্ঞা শিখিয়ে দেবে। সে জানায় বিপ্লব অর্থ "আমূল পরিবর্তন, সেই একই প্রধানমন্ত্রী থাকা নয়"। শনিবার গানুচি যখন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন বাইরে তখন হাজার হাজার মানুষের পদত্যাগের দাবিতে রাজপথ প্রকম্পিত হয়। এর আগে টেলিভিশনে দেওয়া ভাষণে গানুচি সম্ভাব্য সবচেয়ে কম সময়ের মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বলেন। বেন আলির সরকারের মন্ত্রী ও তার দল আরসিডি সংশ্লিষ্টদের সরকার থেকে বের করার দাবিতে তিউনিসিয়ায় বিক্ষোভ চলছিল। প্রাক্তন একছত্র ক্ষমতাবান প্রেসিডেন্ট বেন আলি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ গানুচি। বেকারত্ব, দুর্নীতি ও দারিদ্রের কারণে শুরু হওয়া গণআন্দোলনের মুখে ১৪ জানুয়ারি প্রেসিডেন্ট বেন আলি পালিয়ে সৌদি আরব যান। বেন আলির পালানোর পর নবগঠিত অন্তবর্তী সরকারেরও প্রধানমন্ত্রীর দায়িত্ব্ নেন গানুচি। এর আগে আরসিডি'র দলীয় পদ থেকে পদত্যাগ করেন তিনি। তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় অন্ততপক্ষে ৭৮ জন নিহত হয়েছে। তবে নিহতদের এ সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের স্মরণে শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে তিউনিসিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৯ঘ.