ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষোভকারীদের দমনে 'কুখ্যাতি' পাওয়া তিউনিসিয়ার পুলিশ বাহিনীও সে দেশের চলমান আন্দোলনে যোগ দিয়েছে।
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে প্রায় দুই হাজার পুলিশ সদস্য শনিবার রাজধানী তিউনিসের রাজপথে মিছিল করে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক প্রেসিডেন্ট জিনে আল আবিদিনে বেন আলীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যার জন্য পুলিশকে দায়ী না করার আহ্বান জানায় তারা।
বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতির কারণে সরকারবিরোধী বিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি সপরিবারে পালিয়ে সৌদি আরবে যান বেন আলী।
আর এর মধ্য দিয়ে উত্তর আফ্রিকার এ দেশটিতে বেন আলীর ২৩ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে।
চলমান বিক্ষোভে সংহতি জানিয়ে অন্তবর্তী সরকার থেকে বেন আলী সরকারের মন্ত্রী ও তার দল আরসিডি সংশ্লিষ্টদের বের করে দেওয়ার দাবি জানান পুলিশ সদস্যরা।
মিছিলকারীদের মধ্যে কেউ কেউ পুলিশের পোশাক পরেই বিক্ষোভে অংশ নেন। তারা পুলিশ বাহিনীর জন্য ইউনিয়ন গঠনেরও দাবি তোলেন।
পুলিশ কর্মকর্তা রিদা বারেহ বলেন, "রাস্তায় নামতে আমি ভয় পাই না। আমি দিনে ১২ ঘণ্টা কাজ করে মাসে মাত্র ৫০০ দিনার বেতন পাই।"
"সরকার সব সময় চাইতো- মানুষ পুলিশকে ভয় পাক। কিন্তু এর অবসান হওয়া উচিত", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০০২৫ ঘ.
bdnews24