ডাবলিন, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রায়ান কোয়েন শনিবার ক্ষমতাসীন দল ফিয়ানা ফেই'র প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
তবে আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
গত এক সপ্তাহের রাজনৈতিক সংকট কাটিয়ে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন কোয়েন। কোয়েনকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে দলের মধ্যে গোপন ভোট হয় গত সপ্তাহে। তবে তাতে পার পেয়ে যান তিনি।
কিন্তু কোয়েনকে সরাতে ব্যর্থ হয়ে পররাষ্ট্রমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করা মাইকেল মার্টিনের জন্য ভেঙে পড়া মন্ত্রিসভায় রদবদল ঘটাতে গিয়ে সরকার পতনের মুখে পড়েন কোয়েন। পাশাপাশি আগাম নির্বাচনের দাবিও তোলে বিরোধী লেবার পার্টি।
এ পরিস্থিতির মধ্যে শনিবার ডাবলিনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়েন বলেন, "আমরা এ পরিস্থিতিকে সামলে নেবো-এ বিষয়টি নিয়ে জনগণের নিশ্চিত হওয়া প্রয়োজন। সরকার সঠিকভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করবে। এ ঘটনাগুলো সরকারের কাজে কোনো প্রভাব ফেলবে না।"
বুধবার পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছে কোয়েনের নেতৃত্বাধীন সরকার। সে ভোটে বিরোধী লেবার পার্টিকে হারানোর ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।
গত বছর চরম আর্থিক সংকটের মুখে ইউরোপীয় ইউনিয়ন/আইএমএফ-এর উদ্ধার প্যাকেজ গ্রহণ করে কোয়েনের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড সরকার।
ওই আর্থিক সংকট এবং তা থেকে উদ্ধার প্রক্রিয়ায় বিশ্বব্যাপী আলোচনায় আসে আয়ারল্যান্ড। সে ঘটনায় কোয়েনের নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তা ব্যাপকভাবে মার খায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৪৪ ঘ.
bdnews24