ইস্তানবুল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হলো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর আলোচনা। আলোচনাকে হতাশাজনক অ্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এছাড়া পরবর্তী আলোচনার জন্য নতুন কোনো তারিখও নির্ধারণ হয়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইস্তানবুলে ওই আলোচনা শেষে শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন বলেন, "এ সমাপ্তি আমি প্রত্যাশা করিনি। যথাযথভাবে আলোচনাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিলো আমাদের এবং তা করতে সব ধরনের চেষ্টা করেছি আমরা।"
"আমি হতাশ।", বলেন অ্যাস্টোন।
আলোচনায় আন্তর্জাতিক প্রতিনিধি দলকে নেতৃত্বদানকারী অ্যাস্টোন বলেন, যে কোনো সমঝোতার ব্যাপারেই পূর্বশর্ত আরোপের চেষ্টা করে ইরান।
আন্তর্জাতিক প্রতিনিধি দল পরমাণু জ্বালানি বিনিময় সংক্রান্ত একটি নতুন প্রস্তাব দিলে তাতে সায় না দিয়ে ইরান চায় নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা।
আলোচনা শেষে ইরানের প্রধান সমঝোতাকারী সাইদ জালিলি বলেন, যে কোনো সমঝোতার ক্ষেত্রেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকতে হবে।
আলোচনা আবারো শুরু হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
তবে ইরানের আরো গঠনমূলক মনোভাবের ওপরই পরবর্তী আলোচনা নির্ভর করছে বলে জানান অ্যাস্টোন।
তিনি বলেন, "কেবল ইরান ইতিবাচক সাড়া দিলেই এ প্রক্রিয়া এগোতে পারে।"
"আলোচনার দরজা খোলা। সিদ্ধান্ত ইরানের হাতে।", বলেন অ্যাস্টোন।
পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে বলে সন্দেহ পশ্চিমাদের। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে তেহরান।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা ইস্তানবুলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় যোগ দেন।
ইস্তানবুলে শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনের এ আলোচনা গত মাসে জেনেভায় অনুষ্ঠিত আলোচনার পরবর্তী পর্যায়। এক বছরেরও বেশি সময় পরে জেনেভায় প্রথম ওই বৈঠক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১১৯ ঘ.
bdnews24