২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের তহবিলে যোগ হচ্ছে দেড়শ কোটি ডলার

বিনিয়োগকারীদের কাছ থেকে ১শ' ৫০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে ফেইসবুক। ফেইসবুক কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

সিয়াটল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিনিয়োগকারীদের কাছ থেকে ১শ' ৫০ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে ফেইসবুক। ফেইসবুক কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দেয়। এর মাধ্য দিয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের বাজারমূল্য দাঁড়ালো ৫ হাজার কোটি ডলার। ফেইসবুকের প্রধান অর্থ কর্মকর্তা ডেভিড এবার্সম্যান বলেন, "আমাদের ব্যবসা ভালই যাচ্ছে। নতুন মূলধন সংগ্রহের মাধ্যমে ফেইসবুকের আর্থিক সক্ষমতা বাড়াতে পেরে আমরা সন্তুষ্ট।" নতুন এই বিনিয়োগ ব্যবহার করে ফেসইবুকের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। সংগ্রহ করা এই অর্থের মধ্যে ১০০ কোটি ডলার এসেছে ফেসবুকের যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস-এর বিদেশি গ্রাহকদের কাছ থেকে। বাকি ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে রাশিয়ার সংস্থা ডিজিটাল স্কাই টেকনোলজিস ও গোল্ডম্যান স্যাকস নিজে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, সব গ্রাহকের বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। চাইলে আরো মূলধন তারা সংগ্রহ করতে পারতো। ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে আর নতুন বিনিয়োগ না নিলেও নিজেদের কার্যক্রম বাড়াতে নিজস্ব বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা তাদের রয়েছে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষ থেকে যাত্রা শুরু করেছিল ফেইসবুক। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্ক এলিয়ট জুকারবার্গই এই সামাজিক যোগাযোগের অনলাইন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। আগামী বছর ৩০ এপ্রিল ফেইসবুকের আর্থিক বিবরণী প্রকাশ করার কথা রয়েছে। বর্তমানে ৫০ কোটিরও বেশি মানুষ ফেইসবুক ব্যবহার করছেন। বিজ্ঞাপন ও ব্যবহারকারীদের সংখ্যার দিক দিয়ে গুগল ও ইয়াহুর মতো বড় প্রতিষ্ঠানগুলোকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ফেইসবুক। ফলে ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগের প্রতিষ্ঠানের শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমাগত বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/জেকে/১৬১০ ঘ.