২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিবাসীর কাছে ক্ষমা নয়, দুঃখ প্রকাশ দ্যুভালিয়ারের

নিজের শাসনামলে নির্যাতিতদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন 'বেবি ডক' নামে পরিচিত হাইতির সাবেক একনায়ক জ্যঁ ক্লদ দ্যুভালিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

পোর্ট-অ-প্রিন্স, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজের শাসনামলে নির্যাতিতদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন 'বেবি ডক' নামে পরিচিত হাইতির সাবেক একনায়ক জ্যঁ ক্লদ দ্যুভালিয়ার। নির্বাসন থেকে ফেরার পর শুক্রবার জনসাধারণের উদ্দেশে দেওয়া প্রথম বিবৃতিতে তিনি এ সমবেদনা প্রকাশ করেন। এর মাধ্যমে ৫৯ বছর বয়সী হাইতির এই সাবেক স্বৈরশাসকের ১৫ বছরের শাসনামলে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনার সম্ভাবনা নাকচ হয়ে গেল। ১৯৭১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত হাইতির শাসক ছিলেন দ্যুভালিয়ার। লিখিত একটি বিবৃতি পাঠকালে দ্যুভালিয়ার বলেন, "আমি এই সুযোগে আমার শাসনকালে যারা নির্যাতিত হয়েছিলেন বলে মনে করেন সেই সব নাগরিকের প্রতি আবারও আমার গভীর সমবেদনা প্রকাশ করতে চাই"। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের পর্বতঢালে হাইতির অভিজাত আবাসিক এলাকায় এক বাসভবনে গাঢ় নীল স্যুট পরিহিত দ্যুভালিয়ার উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বিবৃতিটি পড়ে শোনান। পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশ হাইতির অধিবাসীরা এই সাবেক স্বৈরশাসকের দেশে ফিরে আসার উদ্দেশ্য জানার জন্য উন্মুখ হয়ে আছে। ফ্রান্সে ২৫ বছর নির্বাসনে থাকার পর দ্যুভালিয়ার গত রোববার আকস্মিকভাবে হাইতিতে ফিরে আসেন। ১৯৮৬ সালে প্রবল গণঅভ্যুত্থান ও যুক্তরাষ্ট্রের চাপে তিনি হাইতি ছেড়ে যেতে বাধ্য হন। গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত দ্যুভালিয়ার ছিলেন হাইতির প্রবল প্রতাপশালী একনায়ক। ১৯৭১ সালে পিতার মৃত্যুর পর মাত্র ১৯ বছর বয়সে তিনি হাইতির ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান। দ্যুভালিয়ারের প্রত্যাবর্তনে হাইতির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন এক ষড়যন্ত্রকারীর যুক্ত হল বলে অভিজ্ঞ মহলের অভিমত। একবছর আগে ভয়াবহ এক ভূমিকম্পে হাইতিতে ৩ লাখ মানুষের মৃত্যু হয়। অবকাঠামোগত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় যা এখনো কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটি। ভূমিকম্পের কিছুদিন পরে অনুষ্ঠিত নির্বাচনের আগে দেশজুড়ে কলেরা মহামারি ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়। গত ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট ও আইন পরিষদ নির্বাচনের ঘোষিত প্রাথমিক ফলাফলে প্রতারণার অভিযোগে হাইতিতে রাস্তায় রাস্তায় সহিংস বিক্ষোভ শুরু হয়। হাইতিতে যখন প্রবল রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে এমন সময় দ্যুভালিয়ারের ফিরে আসা দেশব্যাপী প্রবল কৌতূহল ও আশঙ্কা সৃষ্টি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০৮ ঘ.