সুদান, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দক্ষিণ সুদানের গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে প্রায় ৯৯ শতাংশ মানুষ। ভোট আয়োজক কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলে একথা জানানো হয়েছে।
ভোটের চূড়ান্ত ফল ফেব্র"য়ারিতে জানানো হবে বলে আশা করা হচ্ছে।
সুদানের দক্ষিণাঞ্চলে সপ্তাহব্যাপী গণভোট গত শনিবার শেষ হয়েছে। দক্ষিণ সুদানের জনগণ উত্তর সুদান থেকে আলাদা হতে চায় কিনা সে প্রশ্নে অনুষ্ঠিত হয় এ গণভোট।
দক্ষিণ সুদানের গণভোট কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলে দেখা গেছে, আলাদা হওয়ার পক্ষে পড়েছে ৯৮ দশমিক ৬ শতাংশ ভোট।
ভোটের এ ফল দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে বিপুল জনসমর্থনেরই আভাস।
তবে এ ফলাফল প্রাথমিক এবং অসম্পূর্ণ। সেকারণে পরবর্তীতে এ ফল পরিবর্তনও হতে পারে বলে জানানো হয়েছে ওয়েবসাইটটির হোমপেজে প্রকাশিত এক বিবৃতিতে।
গণভোটের পুরো ফল প্রকাশের কথা রয়েছে ১৫ ফেব্র"য়ারির আগে। তবে যত তাড়াতাড়ি সম্ভব আগামী মাসের শুরুতেও ফল ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
২০০৫ সালে উত্তর সুদানের সঙ্গে দক্ষিণের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে সই করা শান্তি চুক্তির আওতায় ঐতিহাসিক এ গণভোট হলো।
৯ জানুয়ারি থেকে শুরু হয় ভোটগ্রহণ। সপ্তাহব্যাপী এ ভোট শেষ হয় শনিবার সন্ধ্যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৮ ঘ.
bdnews24