লন্ডন, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-২০০৩ সালে ইরাক আগ্রাসনের একবছর আগেই এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পাশে থাকার প্রতিশ্র"তি দিয়েছিলেন টনি ব্লেয়ার।
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ব্লেয়ার ২০০২ সালের শুরুর দিকে ব্যক্তিগতভাবে বুশকে আশ্বস্ত করে বলেছিলেন, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপনি "আমাদের ওপর ভরসা রাখতে পারেন।"
ইরাক যুদ্ধ নিয়ে শুক্রবার স্যার জন চিলকটের নেতৃত্বাধীন তদন্ত কমিটির মুখোমুখি হয়ে একথা বলেন টনি ব্লেয়ার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তদন্ত কমিটির সামনে হাজির হলেন তিনি।
তদন্ত কমিটিকে ব্লেয়ার জানান, সাদ্দাম হোসেনকে উৎখাতে ইরাকে সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিঃশর্ত সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাবে পুরোপুরি একমত হয়েছিলেন তিনি।
তিনি বলেন, "আমি প্রেসিডেন্ট বুশকে যা বলেছিলাম তা খুবই পরিস্কার এবং সরল, আপনি আমাদের ওপর নির্ভর করতে পারেন, এটা মোকাবেলায় আমরা আপনার পাশে থাকছি।"
তখন ইরাক যুদ্ধে যাওয়ার বিষয়টি খুবই স্পর্শকাতর বিষয় ছিলো। বুশ ও ব্লেয়ার অবৈধভাবে এবং জাতিসংঘের সিদ্ধান্তকে তোয়াক্কা না করেই ইরাকে সামরিক অভিযান চালিয়েছে বলে অভিযোগ যুদ্ধ বিরোধিদের।
অবশ্য ইরাকে অভিযান চালানোর আগে এ ব্যাপারে জাতিসংঘের সমর্থন আদায়ের জন্য বুশকে পরামর্শ দিয়েছিলেন বলে জানান ব্লেয়ার।
শুক্রবার তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার আগে কমিটিকে পাঠানো এক বিবৃতিতে ব্লেয়ার জানান, ব্রিটেনের তৎকালীন অ্যাটর্নি জেনারেল পিটার গোল্ডস্মিথের অনুরোধ না রেখেই যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ব্লেয়ার জানান, জাতিসংঘের সুষ্পষ্ট সিদ্ধান্ত ছাড়া ইরাক যুদ্ধে অংশ নেওয়া হবে অবৈধ বলে ২০০৩ সালের জানুয়ারিতে সতর্ক করেন গোল্ডস্মিথ।
আগেরবার তদন্ত দলের মুখোমুখি হওয়ার পর ব্লেয়ার বলেছিলেন, সাদ্দাম হোসেন বিশ্বের জন্য হুমকি হয়ে উঠেছিলেন। এ কারণেই তাকে সরানো অথবা নিরস্ত্রীকরণ প্রয়োজন ছিলো।
তিনি আরো বলেছিলেন, ইরাকে সেনা অভিযানের জন্য তার ভেতর কোনো অনুতাপ নেই।
তবে ব্লেয়ারের এ মন্তব্যে ক্ষুব্ধ হয় ইরাকযুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের পরিবার।
ইরাকযুদ্ধে ১৭৮ জন ব্রিটিশ সেনা নিহত হয়।
২০০৩ সালের ২০ মার্চ মার্কিন নেতৃত্বাধীন ইরাকযুদ্ধে ব্লেয়ার ৪৫ হাজার ব্রিটিশ সেনা পাঠিয়েছিলেন।
২০০৯ সালের নভেম্বরে ইরাকযুদ্ধ সম্পর্কিত এই তদন্ত দলটি কার্যক্রম শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০০৯ ঘ.
bdnews24