বাগদাদ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের পবিত্র নগরী কারবালার কাছে দুটি গাড়িবোমা বিস্ফোরণে বৃহস্পতিবার অন্তত ৪৮ জন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছে।
বিসিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া সম্প্রদায়ের ধর্মীয় শোক অনুষ্ঠান 'আরবাইন'-এ যোগ দিতে কারবালাগামী পুণ্যার্থীদের ওপর এ গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে।
কারবালার প্রাদেশিক পরিষদের প্রধান মোহম্মদ আল মুসাউয়ি বলেছেন, বাগদাদের ৮০ কিলোমিটার দক্ষিণে কারবালার উপকণ্ঠে পৃথক দুটি সড়কে এ হামলা হয়। এতে প্রায় ১৫০ জন আহত হয়েছে।
তবে বাগদাদের স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক কর্মকর্তা নিহতের সংখ্যা ৫০ এবং আহতের সংখ্যা ২০৩ উল্লেখ করেছেন।
কারবালা অভিমুখী সড়কে দাঁড় করিয়ে রাখা দুটি গাড়ি একই সময়ে বিস্ফোরিত হয় বলে জানান তিনি।
বাগদাদে পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলেছে, বিস্ফোরক বেল্ট পরা আত্মঘাতী হামলাকারীরা এ হামলায় জড়িত ছিলো বলে জেনেছেন তারা।
সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে সহিংসতা কমে গেলেও প্রাণঘাতী হামলার সংখ্যা বেড়েই চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১৩ ঘ.
bdnews24