২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় বেন আলি পরিবারের ৩৩ সদস্য আটক

তিউনিসিয়ায় উৎখাত হওয়া প্রেসিডেন্ট বেন আলির পরিবারের প্রায় ৩৩ সদস্যকে দেশত্যাগের চেষ্টাকালে আটক করা হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক বিবেচনায় বন্দি সবাইকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিউনিসিয়ায় উৎখাত হওয়া প্রেসিডেন্ট বেন আলির পরিবারের প্রায় ৩৩ সদস্যকে দেশত্যাগের চেষ্টাকালে আটক করা হয়েছে। অন্যদিকে, রাজনৈতিক বিবেচনায় বন্দি সবাইকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। তিউনিসিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেওয়া অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের ভাষণসূত্রে বুধবার বিবিসি এ খবর জানায়। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ফুয়াদ মেবাজা টেলিভিশন ভাষণে স্বাধীন বিচার বিভাগ এবং সংবাদমাধ্যমকে স্বাধীনতা করে দেওয়ারও ঘোষণা দেন। তিনি বলেন, "আমরা একসঙ্গে আমাদের দেশের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করতে পারি।" গত শনিবার প্রেসিডেন্ট বেন আলি সৌদি আরব পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া মেবাজা বুধবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি দেশের নিরাপত্তা বজায় রাখায় সহায়তা করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি যোগ করেন, "রাজনৈতিক বিবেচনায় বন্দিদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে। বুধবার নতুন ঐক্য সরকার থেকে বেন আলির সরকারে থাকা মন্ত্রিদের বাদ দেওয়ার দাবিতে তিউনিসের কেন্দ্রস্থলে জড়ো হয় প্রায় ৫শ বিক্ষোভকারী। ক্ষমতাসীন পার্টি থেকে মুক্তি না মেলা পর্যন্ত এ বিক্ষোভ চলবে বলে জানায় তারা। তবে এবার বিক্ষোভকারীদের প্রতি নিরাপত্তা বাহিনীকে তেমন মারমুখী ভঙ্গিতে দেখা যায়নি। দাঙ্গা পুলিশ কাঁদুনে গ্যাস কিংবা পানি ছোড়েনি বিক্ষোভকারীদের ওপর। বেন আলি সরকারের ৪ সদস্য ইতোমধ্যেই সরকার থেকে পদত্যাগ করেছে। এরআগে ক্ষমতা ছেড়ে বিদেশে পাড়ি জমানো প্রেসিডেন্ট বেন আলির দলের লোকজন নতুন সরকারে ঠাঁই পাওয়ায় ক্ষুব্ধ হয় আন্দোলনকারীরা। তাদের বিক্ষোভ দমন করতে কাঁদানে গ্যাসও ছোড়ে পুলিশ। প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুশি বলছেন, আগের সরকারের যে মন্ত্রীদেরকে নতুন সরকারে রাখা হয়েছে তাদেরকে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন পড়বে। সেকারণেই সরকারে তাদের ঠাঁই দেওয়া হয়েছে। জাতিসংঘ দাবি করছে, সাবেক সরকারের বিরুদ্ধে কয়েক সপ্তাহের গণবিক্ষোভ ও সহিসংতায় তিউনিয়ায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৭ ঘ.