২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক হলেন দ্যুভালিয়ার

'বেবি ডক' নামে পরিচিত হাইতির সাবেক একনায়ক জ্যঁ ক্লদ দ্যুভালিয়ারকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

পোর্ট-অ-প্রিন্স, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'বেবি ডক' নামে পরিচিত হাইতির সাবেক একনায়ক জ্যঁ ক্লদ দ্যুভালিয়ারকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ ২৫ বছরের নির্বাসন থেকে রোববার আকস্মিভাবে হাইতিতে প্রত্যাবর্তন করেন দ্যুভালিয়ার। ভূমিকম্পে বিধ্বস্ত স্বদেশের পুনর্গঠনে সহায়তার উদ্দেশ্যেই তিনি ফিরে এসেছেন বলে জানান। এরঠিক দু'দিন পর মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে 'মানবতার বিরুদ্ধে অপরাধ' সংঘটনের অভিযোগে দ্যুভালিয়ারের গ্রেপ্তার দাবি করেছিল মানবাধিকার সংস্থাগুলো। দ্যুভালিয়ারের বাবা 'পাপা ডক' ১৯৫৭ সাল থেকে আমৃত্যু হাইতি শাসন করেন। তার মৃত্যুর পর ১৯৭১ সালে বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেন দ্যুভালিয়ার। এরপর ক্রমে তিনি হাইতিতে একনায়কতন্ত্র কায়েম করেন। তার বিরুদ্ধে ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন বিরোধী মতাদর্শিক হাজার হাজার মানুষকে হত্যা ও নির্যাতনের অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো। ১৯৮৬ সালে প্রবল বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের চাপের মুখে ক্ষমতা ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য হন তিনি। হাইতিতে প্রত্যাবর্তনের পর ৫৯ বছর বয়সী দ্যুভালিয়ার পোর্ট-অ-প্রিন্সের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছিলেন। মঙ্গলবার তাকে সশস্ত্র পুলিশের একটি দল হোটেল থেকে তুলে নিয়ে যায় প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সবকিছু বিবেচনা করে বিচারকরা সিদ্ধান্ত নেবেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার কার্যক্রম চলবে কিনা। দ্যুভালিয়ারের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি তহবিল তয়রূপ, চুরিসহ আরো বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে প্রধান তদন্ত কর্মকর্তা অ্যারিস্টিতাস অগাস্তে। তবে দ্যুভালিয়ার সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। দ্যুভালিয়ারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার আগে ভারী অস্ত্রধারী পুলিশ হোটেলটি ঘিরে ফেলে। পুলিশের মধ্যে বেশ কয়েকজন ছিলেন মুখোশ পরিহিত। ফরাসি স্ত্রীকে সঙ্গে নিয়ে কড়া পুলিশি প্রহরায় হোটেল ত্যাগ করেন দ্যুভালিয়ার। এ সময় বাইরে সাংবাদিক ও তার কিছু সমর্থন অবস্থান করছিল। গত ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট ও আইন পরিষদ নির্বাচনের ঘোষিত প্রাথমিক ফলাফলে প্রতারণার অভিযোগে হাইতিতে রাস্তায় রাস্তায় সহিংস বিক্ষোভ শুরু হয়। এর একবছর আগে ভয়াবহ এক ভূমিকম্পে ৩ লাখ মানুষের মৃত্যু হয়। অবকাঠামোগত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় দেশটি যা এখনো কাটিয়ে ওঠার জন্য সংগ্রাম করছে হাইতি। পাশপাশি নির্বাচনের আগে দেশজুড়ে কলেরা মহামারি ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৭ ঘ.