তিকরিত, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতে একটি পুলিশ নিয়োগ কেন্দ্রে কাছে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। এতে ১শ' জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিতে পুলিশ বাহিনীতে যোগ দিতে আসা ইরাকিদের ওপর মঙ্গলবার সকালের দিকে এ হামলা হয়।
সালাহউদ্দিন প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের প্রধান ওমর ইউসুফ জানান, এ ঘটনায় ৬২ জন নিহত ও ১২০ জন আহত হয়েছে।
প্রদেশটির ডেপুটি গভর্নর আহমেদ আবদুল-জব্বার বলেন, "তিকরিতের পুলিশ নিয়োগকেন্দ্রের বাইরে এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, যেখানে ইরাকি পুরুষেরা চাকরি পাওয়ার আশায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল।"
জব্বার আরো বলেন, "এটি যে কারোর কাজ হতে পারে, এমন কি আল কায়েদাও, যারা আমাদের খুন করতে চায়। যেই হোক তারা সন্ত্রাসী।"
পুলিশ জানায়, আহত আর নিহতদের ভিড়ে হাসপাতাল ভরে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৪ ঘ.
bdnews24