লস এঞ্জেলেস, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান এক কন্যা সন্তানের মা হয়েছেন।
কিডম্যানের স্বামী কিথ উরব্যান সোমবার এ খবর জানান।
তবে নিজে সন্তান ধারণ করেননি কিডম্যান। অন্য এক নারীর শরীরে কিডম্যানের ডিম্বাণু ও তার স্বামীর শুক্রাণু স্থাপন করা হয়। ওই নারীর গর্ভেই বেড়ে ওঠে এই দম্পতির সন্তান।
সন্তান জন্মের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই তারকা দম্পতি এক বিবৃতিতে বলেন, "এই সন্তান উপহার পাওয়ার মাধ্যমে আমাদের পরিবারে সত্যিকার অর্থেই আশির্বাদ বর্ষিত হয়েছে।"
বিবৃতিতে তারা আরো জানান, "যে নারী আমাদের সন্তানকে ধারণ করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই।"
গত বছরের ২৮ ডিসেম্বর ন্যাসভিলে কিডম্যান ও উরব্যান দম্পতির এই কন্যা জন্ম গ্রহণ করে। তার নাম রাখা হয়েছে ফেইথ মার্গারেট কিডম্যান উরব্যান।
৪৩ বছর বয়সী নিকোল কিডম্যান হলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী। ২০০৬ সালে উরব্যানকে বিয়ে করেন তিনি।
এই দম্পতির আরো এক কন্যা সন্তান রয়েছে। ২০০৮ সালে জন্ম নেয়া ওই সন্তানের নাম সানডে রোজ।
'দ্য আওয়ার্স' চলচ্চিত্রে অভিনয়ের কারণে অস্কার জয় করেন কিডম্যান। হলিউড তারকা টম ক্রুজ নিকোল কিডম্যানের সাবেক স্বামী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৬ ঘ.
bdnews24