ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্টধারী বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে উইকিলিকসকে তথ্য দিয়েছেন রুডলফ এলমার। এ তথ্য প্রকাশের অঙ্গীকার করেছেন জুলিয়ান অ্যাস্যাঞ্জ।
বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের সাবেক ব্যাংক কর্মকর্তা রুডলফ এলমার সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টধারী প্রায় দুই হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য দুটি সিডিতে অ্যাস্যাঞ্জের কাছে হস্তান্তর করেন।
এলমার বলেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের অনেক কোটিপতি, বহুজাতিক কোম্পানি, আর্থিক ফার্ম সম্পর্কে তথ্য হস্তান্তর করা হয়েছে।
খ্যাতনামা ব্যবসায়ী, শিল্পী ও প্রায় ৪০ জন রাজনীতিকসহ প্রায় ২ হাজার ব্যাংক অ্যাকাউন্টধারীর সম্পর্কে তথ্য রয়েছে সিডি দুটিতে। ১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত জুলিয়াস বায়েরসহ অন্তত তিনটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ওই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য সেখানে রয়েছে।
তথ্যগুলোর সত্যতা পরীক্ষা-নিরীক্ষার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেগুলো প্রকাশের ব্যাপারে অঙ্গীকার করে অ্যস্যাঞ্জ বলেন, "এটা কয়েক সপ্তাহের ব্যাপার মাত্র।"
এলমার আগেও একবার উইকিলিকসকে তথ্য সরবরাহ করেন। এ কারণে সুইস ব্যাংকের নিয়ম ভঙ্গের অভিযোগে বুধবার সুইজারল্যান্ডে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। এ কারণে আগে একবার ৩০ দিন কারাগারে কাটাতে হয় তাকে।
সে সময় গোপন তথ্য ফাঁস করা থেকে বিরত থাকার জন্য তাকে টাকা দেওয়ার ও তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয় বলেও জানান এলমার।
তার দেওয়া তথ্য ২০০৭ সালে প্রকাশ করে উইকিলিকস।
সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে এলমার বলেন, "আমি এ ব্যবস্থার বিরুদ্ধে। ব্যবস্থাটি কীভাবে কাজ করে তা আমি জানি। কয়েক মাথাওয়ালা ড্রাগনের মতো এ অর্থ ব্যবস্থা।"
২০০২ সালে আর্থিক প্রতিষ্ঠান জুলিয়াস বায়ের নামের সুইস ব্যাংক থেকে চাকরি হারানো এলমার বিচারের মুখোমুখি হলেও তাকে আটক করা হয়নি এবং তার ভ্রমণেও নিষেধাজ্ঞা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫৬ ঘ.
bdnews24