২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬, মহামারির আশঙ্কা

ব্রাজিলের রিও ডি জেনেরিওর উত্তরাংশের পার্বত্য অঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি উদ্ধারকর্মীরা উপদ্রুত অঞ্চলে রোগ-ব্যাধি ছড়িয়ে মহামারির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 06:18 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

নোভা ফ্রিবার্গো (ব্রাজিল), জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের রিও ডি জেনেরিওর উত্তরাংশের পার্বত্য অঞ্চলে বন্যা, ভূমিধস ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি উদ্ধারকর্মীরা উপদ্রুত অঞ্চলে রোগ-ব্যাধি ছড়িয়ে মহামারির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে। দেশটির জন প্রতিরক্ষা সংস্থা রোববার এ তথ্য জানিয়েছেন। ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনার পর প্রায় ৫ দিন পরেও উদ্ধারকারীরা প্রত্যন্ত অঞ্চলে মাটির নিচ থেকে এখনো লাশ উদ্ধার করেই যাচ্ছে আর বেড়ে যাচ্ছে মৃতের সংখ্যা। তবে বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে টেলিভিশিনচিত্রে দেখা যায়। এ বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, উপদ্রুত অঞ্চলে উদ্ধার তৎপরতায় ৫৮৬ সেনা, ৮ হাজার খাবারভর্তি বাক্স, ৭ মেট্রিকটন ওষুধসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জনসাধারণকে রোগ-ব্যাধির ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি ছাড়াও বৃষ্টির কারণে নানা ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে। এটি প্রতিরোধ করার লক্ষ্যে টিটেনাস এবং ডিপথেরিয়ার টিকাও বিতরণ করা হয়েছে জন প্রতিরক্ষা সংস্থা সংস্থা তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে। তবে 'ও গ্লোবো' সংবাদপত্র জানিয়েছে, তেরেসোপোলিসের প্রত্যন্ত অঞ্চল থেকে সেনা বাহিনী ১১০ টি পরিবারকে উদ্ধার করেছে। ওই অঞ্চলে ২৬৮ জনের প্রাণহানি ঘটেছে। তবে বন্যাকবলিতরা জরুরি জিনিসপত্র বিতরণ এবং লাশ উদ্ধারে সরকারি তৎপরতা যথেষ্ট নয় বলে অভিযোগ করেছে। বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে রাজধানী রিও ডি জেনেরিওর নিকটবর্তী পার্বত্য সেরানা অঞ্চলের শহরগুলোয়। ভূমিধসে সেখানকার অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আটকা পড়েছে হাজার হাজার বাসিন্দা। সেই সঙ্গে ঘর-বাড়ি হারিয়ে ১৩ হাজার ৫শ'রও বেশি মানুষ নিরাপদ আশ্রয় ও ত্রাণের জন্য অপেক্ষা করছেন। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় ভয়াবহ এ প্রাকৃতি দুর্যোগ মোকাবেল করতে হচ্ছে ডিলমা রৌসেফকে। বৃহস্পতিবার তিনি বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণপূর্বাঞ্চলের এ প্রাকৃতিক দুর্যোগে কোটি কোটি ডলারের ক্ষয়-ক্ষতি হবে। ওদিকে দুর্যোগ মোকাবেলায় প্রেসিডেন্ট ডিলমা রৌসেফ ৪৬ কোটি মার্কিন ডলার জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন। ব্রাজিলে ১৯৬৭ সালে বন্যায় ৭৮৫ জনের প্রাণহানির পর এবারের প্রাকৃতিক দুর্যোগেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫০ ঘ.