জুরিখ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজ দেশের বাইরের ব্যাংকে অ্যাকাউন্ট আছে- বিভিন্ন দেশের এমন ব্যক্তি সম্পর্কে উইকিলিকসকে আবার তথ্য দেবেন সুইজারল্যান্ডের এক সাবেক ব্যাংক কর্মকর্তা।
রুডলফ এলমার নামের ওই কর্মকর্তা উইকিলিকসকে এর আগেও একবার তথ্য সরবরাহ করেন। এ কারণে ব্যাংকের নিয়ম ভঙ্গের অভিযোগে বুধবার সুইজারল্যান্ডে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। তার দেওয়া তথ্য ২০০৭ সালে প্রকাশ করে উইকিলিকস।
সুইজারল্যান্ডের ডের সনট্যাগ পত্রিকায় রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে উইকিলিকসের কাছে আরো তথ্য হস্তান্তর করবেন এলমার।
২০০২ সালে আর্থিক প্রতিষ্ঠান জুলিয়াস বায়ের নামের সুইস ব্যাংক থেকে চাকরি হারানো এলমার বিচারের মুখোমুখি হলেও তাকে আটক করা হয়নি এবং তার ভ্রমণেও নিষেধাজ্ঞা নেই।
এলমার জানান, খ্যাতনামা ব্যবসায়ী, শিল্পী ও প্রায় ৪০ জন রাজনীতিকসহ প্রায় ২ হাজার ব্যাংক অ্যাকাউন্টধারীর তথ্য দুটি সিডিতে করে উইকিলিকসকে দেবেন। ওই অ্যাকাউন্টধারীরা কর ফাঁকি দেওয়ার জন্য নিজ দেশের বাইরের ব্যাংকে অর্থ রাখেন।
যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের অনেক কোটিপতি, বহুজাতিক কোম্পানির স্বল্পমেয়াদি বিনিয়োগ মূলধন সম্পর্কে তথ্য থাকবে এলমারের দেওয়া সিডিতে।
১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত জুলিয়াস বায়েরসহ অন্তত তিনটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ওই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনের তথ্যও থাকবে সেখানে।
তথ্যগুলোর সত্যতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কারণে খুব শিগগিরই সেগুলো উইকিলিকসে প্রকাশিত হবে না বলে মন্তব্য করেন এলমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩১৩ ঘ.
bdnews24